জগন্নাথপুরে নাম বিভ্রাটে হাজতবাস
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নামের মিল থাকায় এক তরুণ ১০ দিন ধরে জেলহাজতে রয়েছেন। একটি চুরির মামলার সন্দেহভাজন হিসেবে পুলিশ ৮ মার্চ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ৬ মার্চ জগন্নাথপুর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে টেলিভিশনসহ নানা বৈদ্যুতিকসামগ্রী চুরি হয়। এ ঘটনার মামলায় পুলিশ দিরাই থানার বলিইল গ্রামের ছমির মিয়াকে গ্রেপ্তার করে। চুরিতে মোহনগঞ্জ থানার নিমকি গ্রামের সিপন মিয়া জড়িত ছিলেন বলে স্বীকারোক্তিতে জানান ছমির। পুলিশ নিমকি গ্রামের সিপনকে গ্রেপ্তার করতে গিয়ে ইকড়ছই আলখানাপাড় এলাকার মনাই মিয়ার ছেলে সিপনকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। পরদিন ৯ মার্চ অবশ্য পুলিশ চুরির ঘটনায় সম্পৃক্ত প্রকৃত অপরাধী আলখানাপাড় এলাকায় বসবাসরত নিমকি গ্রামের সিপন ও হবিবপুর আশিঘর গ্রামের মানিক মিয়াকে গ্রেপ্তার করে। তবে গতকাল সোমবার পর্যন্ত জেলহাজতে থাকা ইকড়ছই আলখানাপাড় এলাকার সিপন মুক্তি পাননি।
সিপনের বাবা মনাই মিয়া বলেন, ‘আমার নির্দোষ ছেলেটা ১০ দিন ধরে জেলে। আসল আসামি গ্রেপ্তার হলেও এখনো সে ছাড়া পেল না।’
জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান বলেন, নাম বিভ্রাটে এ ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদে নিরপরাধ মনে হওয়ায় সিপনকে বাদ দিয়ে অপর তিনজনের নামে রিমান্ডের আবেদন করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে সিপনকে বাদ দেওয়া হবে।