জগন্নাথপুরে নিত্যপণ্যের দোকানে মানুষের ভিড়
১ জুলাই থেকে কঠোর লকডাউনের খবরে আজ রোববার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাটবাজারে মানুষের ছিল উপচেপড়া ভিড়। এর মধ্যে অধিকাংশ মানুষকে স্বাস্থ্যবিধি অমান্য করে বাজারে অবাধে চলাফেরা করতে দেখা গেছে।
শহরের জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খাদ্যগুদামের পাশের নলজুর নদীর পার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুরুষের পাশাপাশি নারী ক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বাজারে আসা ৯০ শতাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবাধে ঠেলাঠেলি করে চলাফেরা করছেন লোকজন।
শহরের জগন্নাথপুর বাজারের বড়গলিতে কথা হয়, উপজেলার দাসনোওয়াগাঁও গ্রামের ছায়ারুন নেছার সঙ্গে। তিনি জানান, ‘সোমবার থেকে কঠোর লকডাউন হচ্ছে শুনে সংসারের চাল, ডাল, লবণ ও মরিচ কিনতে বাজারে এসেছি।’ লকডাউন হয়ে গেলে এসব পণ্যের দাম ও সংকট দেখা দেবে। তাই তিনি ধারদেনা করে ১০ হাজার টাকা নিয়ে বাজারে এসেছেন।
কথা হয় উপজেলার কলকলিয়া গ্রামের আরজু মিয়া নামের এক তরুণের সঙ্গে। তিনি মুখে মাস্ক না ব্যবহার করে ভিড় ঠেলে হাঁটছিলেন। আরজু বলেন, মাস্ক প্যান্টের পকেটে আছে। লকডাউন কবলে পড়ার আগেই সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে এসেছেন।
জগন্নাথপুর বাজার তদারক কমিটির কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, অন্যদিনের তুলনায় রোববার বাজারে মানুষের ভিড় ছিল খুব বেশি। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাজারে স্বাভাবিক রয়েছে।
জগন্নাথপুর বাজারের নিত্যপণ্যের দোকানমালিক সুধন্য পাল বলেন, ‘ক্রেতাদের উপচে পড়া ভিড়ে আমরাও চাপে আছি। লোকজন এক সপ্তাহ থেকে এক মাসের নিত্যপণ্য নিয়ে যাচ্ছেন। তবে দাম স্বাভাবিক রয়েছে।’
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর জানান, সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার না করে অবাধে চলাফেরা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। তিনি সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান।