জগন্নাথপুরে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে একই সঙ্গে চার শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল শুক্রবার তাদের দাফন করা হয়েছে।তারা হলো বশির মিয়া, মায়ারুন বেগমের দুই সন্তান শাকিল (৬) ও তামান্না (৫) এবং বশিরের বোনের মেয়ে মিছবা বেগম (৫) ও একই গ্রামের বাচ্ছু মিয়ার মেয়ে মারাজানা বেগম (৫)। তারা সবাই পাইলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।গতকাল সরেজমিন গিয়ে দেখা গেছে, কবরের পাশে বসে বিলাপ করছেন শাকিল ও তামান্নার মা মায়ারুন বেগম। প্রতিবেশী লোকজন বারবার চেষ্টা করে তাঁর কান্না থামাতে পারছেন না। এই চার শিশু মৃত্যুর ঘটনায় পুরো গ্রামে শোক বিরাজ করছে। প্রতিবেশী লোকজন জানিয়েছেন, বশিরের বাড়ির পুকুরঘাটে পরিবারের অজান্তে বৃহস্পতিবার বিকেলে খেলতে গিয়ে ওই চার শিশু পানিতে ডুবে মারা যায়। বশির মিয়া বলেন, তাঁর দুই ছেলেমেয়ের সঙ্গে একই গ্রামে থাকা তাঁর বোনের মেয়েও পানিতে ডুবে মারা গেছে।পাইলগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ্দুজামান বলেন, লাশগুলো এলাকাবাসী ময়নাতদন্ত ছাড়া দাফন করেছে।