জগন্নাথপুরে পানিবন্দী ৫০ হাজার মানুষ ত্রাণ পায়নি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তিনটি ইউনিয়নের ৩০ গ্রামের ৫০ হাজার মানুষ সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের কোনো সহায়তা করা হয়নি। পানিবন্দী থাকায় গ্রামগুলোয় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে এসব গ্রামে ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। জানা গেছে, কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, চিলাউড়া-হলদিপুর ও রানীগঞ্জ ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়। বৃহস্পতিবার বন্যাকবলিত কয়েকটি গ্রামে সরেজমিনে দেখা যায়, অনেক মানুষের বসত ও গোয়ালঘরে এখনো পানি। পানির কারণে রাস্তাঘাটও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই কারণে জালালপুর, কাতিয়া, কসবা, জয়নগর, হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। কাতিয়া গ্রামের কবির মিয়া বলেন, ‘অকাল পানি আমরার ধান নিছে। এখন বানের (বন্যার) পানিতে আমার বাড়ি তলাইয়া (তলিয়ে) আছে। এবার বাঁচমু (বাঁচব) কেমনে আল্লায় জানে।’ হরিণাকান্দি গ্রামের কবীন্দ্র বলেন, ‘গত এক সপ্তাহ ধরে আমরা পানিবন্দী হয়ে আছি। এখন পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাইনি।’ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবজিৎ সিংহ জানান, পানিবন্দী পরিবারগুলোকে সহায়তা করা হবে।