জগন্নাথপুরে প্রথম আলোর প্রতিনিধির বাড়িতে আগুন
পূর্ববিরোধের জেরে প্রথম আলোর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেবের বাড়ির বসতঘরে একদল দুর্বৃত্ত আগুন দিয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অমিত দেব ওই গ্রামের প্রয়াত জমিদার সুন্দরী মোহন দেবের উত্তরসূরি। তাঁদের গ্রামের ওই বাড়িটি মৃণাল কান্তি দে নামের এক ব্যক্তিকে দেখাশোনার দায়িত্ব দিলে তাঁরা বাড়িটি জবর দখল করেন। এ ঘটনায় অমিত দেবের বাবা অমল কান্তি দেব সুনামগঞ্জের হাকিমের আদালতে মামলা করেন। আদালতের রায়ে ১৬ বছর পর গত ৩১ আগস্ট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন আহমদের নেতৃত্বে অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়। অমল কান্তি দেব গতকাল শুক্রবার জানান, আদালতের রায়ে বাড়িটি দখল পাওয়ার পর থেকে প্রতিপক্ষ নানা হুমকি দিয়ে আসছিল। এর জেরে বৃহস্পতিবার গভীর রাতে আগুন দেয় প্রতিপক্ষ ।