জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি বন্দুক, মালামাল লুট
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে এক প্রবাসীর বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা পাঁচটি গুলিসহ একটি বন্দুক ও ১০ লাখ টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় গতকাল বুধবার বাড়ির গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ওই গ্রামের লন্ডন-প্রবাসী আবদাল মিয়ার বাড়িতে ডাকাতি হয়। বাড়িতে ওই সময় গৃহকর্তার বৃদ্ধা মা ও গৃহকর্মী রিনা বেগম (২৫) ছিলেন। ওই রাতে রিনা তাঁর পূর্বপরিচিত দুর্বৃত্তদের সঙ্গে মুঠোফোনে আলাপের পর ঘরের দরজা খুলে দিলে চার-পাঁচজনের ডাকাত দল ঘরে ঢুকে স্টিলের আলমারি খুলে নগদ সাত লাখ টাকা, দুটি স্বর্ণের বালা ও লাইসেন্স করা একটি বন্দুক নিয়ে যায় বলে তাঁরা জানান।সুনামগঞ্জের পুলিশ সুপার গোলাম কিবরিয়া ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন আহমদ ঘটনাস্থল পরির্দশন করেন। এ ব্যাপারে ওসি সালেহ উদ্দিন আহমদ বলেন, এটি পরিকল্পিত ডাকাতি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহকর্মী রিনা বেগম এ ঘটনার সঙ্গে জড়িত। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।