সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই প্রার্থী হতে ইচ্ছুক প্রবাসীরা দেশে ফিরতে শুরু করেছেন। ইতিমধ্যে কয়েকজন দেশে ফিরে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। অনেকে দেশে ফেরার দিনক্ষণ ঠিক করে রেখেছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার আটটি ইউপিতে ৫-১৫ মে মনোনয়নপত্র দাখিল, ১৮ ও ১৯ মে মনোনয়নপত্র যাচাই, ৩০ মে প্রত্যাহার ও ১৪ জুন ভোটগ্রহণের দিনক্ষণ ঠিক করা হয়েছে। এর পরই সম্ভাব্য প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতীক পাওয়ার আগেই পোস্টার, লিফলেট, ব্যানার টানিয়ে ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছেন। প্রবাসীরা মোটর শোভাযাত্রার মাধ্যমে নিজেদের উপস্থিতি ভোটারদের জানান দিচ্ছেন। এলাকাবাসী জানান, সৈয়দপুর শাহারপাড়া ইউপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আবদুল হাশিব গত নির্বাচনে ১৪ ভোটে পরাজিত হয়ে লন্ডনে চলে যান। তফসিল ঘোষণার খবর পেয়েই তিনি ফিরে এসেছেন। সমর্থকেরা তাঁকে মোটর শোভাযাত্রার মাধ্যমে গ্রামে নিয়ে আসেন। সৈয়দ আবদুল হাশিব বলেন, ‘গত দুটি নির্বাচনে পরাজিত হলেও আমি এলাকার মানুষের সুখে-দুঃখে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি। এলাকাবাসীর সমর্থন নিয়ে আবারও প্রার্থী হয়েছি।’ একই ইউনিয়নে আরেক লন্ডনপ্রবাসী সৈয়দ হাসান প্রার্থী হয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নিতে আমি মাঠে রয়েছি। এলাকাবাসী আমাকে সমর্থন জানিয়ে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানাচ্ছেন।’ একই ইউনিয়নে প্রার্থী হতে মাঠে রয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী সৈয়দ খালিদ মিয়া ওলিদ ও সালেহ আহমদ ছোট মিয়া। কলকলিয়া ইউনিয়নে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান লন্ডনপ্রবাসী আবদুল হাসিম। গত নির্বাচনের এক মাস আগে দেশে ফিরে ভোটারদের মন জয় করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আবদুল হাশিম বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও নিজের জনপ্রিয়তা যাচাই করতে আবারও প্রার্থী হয়েছি।’ গত দুটি নির্বাচনে পরাজিত হলেও আমেরিকাপ্রবাসী ধন মিয়া লস্কর এবারও প্রার্থী হয়েছেন। তিনি বলেন, এলাকার মানুষ তাঁকে ভালোবেসে তিন ওয়ার্ডের একমাত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। এ ছাড়া এই ইউনিয়নে আমেরিকাপ্রবাসী সাজ্জাদুর রহমান ও লন্ডনপ্রবাসী গয়াছ মিয়া প্রার্থী হতে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাটলি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হতে যুক্তরাজ্যপ্রবাসী সিরাজুল ইসলাম, সুফি মিয়া দেশে ফিরে প্রচারণা শুরু করেছেন। প্রবাসী হারুন মিয়া গত নির্বাচনে অল্প ভোটে পরাজিত হয়ে লন্ডন চলে যান। এবার তিনি দেশে এসে নির্বাচন করবেন বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন। ১২ মে তিনি দেশে আসবেন বলে জানা গেছে। মীরপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী মাহবুবুল হক শেরিন। তিনি জানান, গ্রামের মানুষের জন্য কাজ করার ক্ষেত্র হিসেবে ইউপি নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। তাই তিনি এ নির্বাচনে অংশ নিচ্ছেন।রানীগঞ্জ ইউনিয়নে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আবদুল হাফিজ, যুক্তরাজ্যপ্রবাসী মজলুল হক। আশারকান্দি ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান ও যুক্তরাজ্যপ্রবাসী আবু ইমানী, যুক্তরাজ্যপ্রবাসী আবদুল আহাদ মদরিছ মাঠে নেমেছেন। পাইলগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুক্তরাজ্যপ্রবাসী মনজুর আলী আবারও প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, গতকাল বুধবার পর্যন্ত আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৯৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।