জগন্নাথপুরে বহিরাগতদের নিয়োগ বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভুয়া নাগরিকত্ব সনদ নিয়ে বহিরাগত প্রার্থীরা নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলাবাসী গতকাল মঙ্গলবার বহিরাগতদের নিয়োগ বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগে এলাকাবাসী ও বঞ্চিত প্রার্থীরা জানান, গত বছর দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য উপজেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। কিন্তু উপজেলার স্থায়ী বাসিন্দা নন, এমন অনেকেই ভুয়া নাগরিকত্ব সংগ্রহ করে উপজেলার কোটায় আবেদন করে নিয়োগ পান। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও উপজেলার অনেক স্থায়ী বাসিন্দা বঞ্চিত হন।লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী জগন্নাথপুর গ্রামের শিখা সরকার বলেন, ‘শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ২ নম্বর শর্তে ছিল, প্রার্থীদের অবশ্যই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কিন্তু উপজেলার স্থায়ী বাসিন্দা নন, এমন অনেককেই নিয়োগ দেওয়া হয়েছে। এতে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি।’জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবজিৎ সিংহ বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।’