জগন্নাথপুরে বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট ও গাইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ নোট ও গাইডবই বিক্রি করছেন। এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ইংরেজি ও বাংলা ব্যাকরণ বইয়ের পরিবর্তে শিক্ষক সমিতি তাদের পছন্দের প্রকাশনা সংস্থার বই পাঠ্য করে আর্থিক সুবিধা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়গুলোয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে এনসিটিবির ইংরেজি ও বাংলা ব্যাকরণ বই পড়ানোর কথা। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নূর প্রকাশনী নামে তাদের পছন্দের একটি প্রকাশনা সংস্থার বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই পাঠ্য করেছে।জগন্নাথপুর গ্রামের অভিভাবক আশিষ দে জানান, শিক্ষকেরা নূর প্রকাশনীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ওই প্রকাশনা সংস্থার বই কিনতে বাধ্য করছেন। যেখানে এনসিটিবির ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের দাম ২১ টাকা, সেখানে শিক্ষক সমিতির পাঠ্য করা বাংলা ব্যাকরণ বইয়ের দাম ১৭০ টাকা। আবার এনসিটিবির অষ্টম শ্রেণীর ইংরেজি ব্যাকরণ বইয়ের দাম ২৯ টাকা, অথচ শিক্ষক সমিতির পাঠ্য করা ইংরেজি ব্যাকরণ বইয়ের দাম ২১৫ টাকা। সমিতির পাঠ্য করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সব কটির ব্যাকরণ বইয়ের দাম এনসিটিবির বইয়ের চেয়ে এ রকমই কয়েক গুণ বেশি।উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি ও শাহাজালাল লাইব্রেরির মালিক ওলিউর রহমান বলেন, ‘বাজারে নোট ও গাইডবইয়ের চাহিদা রয়েছে। তবে আমরা বিক্রি করছি না।’ তবে শিক্ষক সমিতি নূর প্রকাশনীর বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই পাঠ্য করেছে বলে তিনি স্বীকার করেছেন। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী বলেন, ‘আমরা এবার বই পাঠ্য করিনি।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায় বলেন, ‘কেউ নিষিদ্ধ নোট ও গাইডবই বিক্রি করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’