জগন্নাথপুরে বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু
চলতি বোরো মৌসুমে অকালবন্যার কবল থেকে হাওরাঞ্চলের বোরো ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জের নলুয়ার হাওর থেকে ফসল রক্ষা বেড়িবাঁধের নির্মাণকাজের সূচনা করেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান। এ সময় হাওর এলাকার জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে অকালবন্যার কবল থেকে হাওরাঞ্চলের বোরো ফসল রক্ষা করতে এই বেড়িবাঁধের নির্মাণকাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নলুয়ার হাওরে ১৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে এ কাজ বাস্তবায়ন করবে। কাজের উদ্বোধন হওয়া নলুয়ার হাওরের কাটাঙ্গায়ের উত্তর পাড় এলাকায় একটি পিআইসির অধীনে ৫০০ মিটার বেড়িবাঁধ নির্মাণে ১৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয় করা হবে।প্রকল্পের কাজ উদ্বোধন করে সাংসদ এম এ মান্নান বলেন, বর্তমান সরকার কৃষকদের কথা চিন্তা করে ঠিকাদারি প্রথা বাতিল করে জনপ্রতিনিধিদের নিয়ে পিআইসি প্রকল্পের মাধ্যমে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের নির্মাণকাজ বাস্তবায়ন করে যাচ্ছে।