জগন্নাথপুরে বোরো চাষে দাদনই কৃষকের ভরসা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অকাল বন্যায় ফসল হারানো কৃষকেরা বোরো চাষাবাদে ব্যস্ত হয়ে উঠছেন। বোরো আবাদের ব্যয় মেটাতে তাঁরা আবারও দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ধানের ওপর অগ্রিম টাকা নিচ্ছেন। বাড়তি মুনাফা লাভের আশায় দাদন ব্যবসায়ীরা কৃষকদের প্রতি মণ ধানের বিপরীতে ২০০-২৫০ টাকা অগ্রিম দিচ্ছেন।উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের কৃষক মোতাহার আলী জানান, গত বছর ছয় কেদার (৩০ শতাংশে এক কেদার) জমিতে বোরো আবাদ করেছিলেন। একমুঠো ধানও তিনি গোলায় তুলতে পারেননি। হালের গরু, হাঁস-মুরগি বিক্রি করে কোনো রকমে জীবিকা নির্বাহ করছেন। তিনি বলেন, ‘এবার নতুন করে চাষাবাদ করতে টাকা পাব কোথায়? তাই এলাকার এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে ২৫০ টাকা মণ দরে ২০ মণ ধানের টাকা নিয়েছি। ওই টাকা দিয়ে বীজ কিনেছি।’ তিনি আরও বলেন, ‘যদি ধান তুলতে পারি, তবে দাদন ব্যবসায়ীকে ধান দিয়ে কিছুটা হয়তো ঘরে থাকবে।’ শুধু মোতাহার আলী নন, উপজেলার অধিকাংশ কৃষক দাদন ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম টাকা নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক দাদন ব্যবসায়ী বলেন, ‘প্রায় ছয় মাস আগে টাকা দিচ্ছি। কিছুটা লাভের আশা তো করবই। বৈশাখ মাসে ৫০০ টাকা মণে ধান কিনতে হতো। তাই ছয় মাস টাকা খাটানোর ফলে ২৫০ টাকা মণ ধরে দিচ্ছি।’উপজেলার সৈয়দপুর গ্রামের কৃষক শফিক মিয়া জানান, এক কেদার জমি চাষাবাদে কমপক্ষে দুই থেকে আড়াই হাজার টাকা ব্যয় হয়। ব্যাংকে গিয়ে ঋণ পাওয়া যায় না। তাই অনেকটা বাধ্য হয়েই দাদন ব্যবসায়ীর কাছ থেকে অগ্রিম টাকা নিতে হচ্ছে। তাঁর এ কথার সত্যতা পাওয়া যায় উপজেলার স্বজনশ্রী গ্রামের কৃষক সমছুল হকের অভিযোগ থেকে। তিনি জানান, ২৪ নভেম্বর তিনি রানীগঞ্জ কৃষি ব্যাংকে জমির দলিল নিয়ে গেলে ব্যাংক কর্মকর্তারা তাঁকে ঋণ না দিয়ে কাগজ নামজারি করে খাজনা পরিশোধ করে আনতে বলেন। ঝামেলা এড়াতে তিনি দাদন ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিয়েছেন। চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নটি পুরোপুরি হাওরবেষ্টিত এবং শতভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। ঋণ প্রদানে ব্যাংকগুলোর ওপর অনেক অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে ঋণ পেতে কৃষকদের নানা ঝামেলা পোহাতে হয়। তাই কৃষকেরা বাধ্য হয়ে দাদন ব্যবসায়ীদের দ্বারস্থ হচ্ছেন।’জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন ভূঁইয়া বলেন, সরকারি হিসাব অনুযায়ী এ উপজেলায় ১২ হাজার ৬৪৪ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে। তিনি জানান, এ বছর উপজেলায় ১৮ হাজার কৃষককে কৃষি ভর্তুকির কার্ড দেওয়া হয়েছে।রানীগঞ্জ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হক বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কৃষকদের ঋণ দিচ্ছি। আমাদের কাছে ঋণের জন্য এসে কেউ ফিরে গেছে বলে জানা নেই। তবে ব্যাংকের নীতিমালা অনুযায়ী, যেসব কাগজপত্রের প্রয়োজন তা দাখিল করতে হবে।’ জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ বলেন, ‘হাওরাঞ্চলের কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে আমরা বলেছি। এর পরও ব্যাংকগুলো কৃষকদের হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে, যা দুঃখজনক।’