জগন্নাথপুরে মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৪০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে গতকাল রোববার দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত গুলিবিদ্ধ ১৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সৈয়দপুর গ্রামের হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন (রহ.) দরগাহ মসজিদ কমিটি গঠনের লক্ষ্যে গতকাল সকাল ১০টায় এক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতির আসন গ্রহণ করার জন্য সৈয়দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম সৈয়দপুর টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল সৈয়দ মতিউর রহমানের নাম প্রস্তাব করেন। অপরদিকে একই গ্রামের খালিদ মিয়া ওলিদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল হাসানের নাম প্রস্তাব করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে।একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হন। এ সময় আবদুল কাইয়ুমের পক্ষের লোকজনের ছোড়া গুলিতে খালিদ মিয়া ওলিদের পক্ষের ১৪ জন গুলিবিদ্ধ হন।