জগন্নাথপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত ১০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি গুলিতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় মোমিন কামালী ও রাজিউর রহমান কামালীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গ্রামের বাসিন্দারা দুটি পক্ষে বিভক্ত। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, গতকাল বিকেলে মোমিন কামালীর আত্মীয় ছালিক মিয়া গরু নিয়ে রাজিউল কামালীর পক্ষের গিয়াস উদ্দিনের বোরো জমিতে ধান খাওয়াতে গেলে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন বন্দুকসহ দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় গিয়াস উদ্দিন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অপরদিকে, গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন কমপক্ষে ১০ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবেল আহমেদ বলেছেন, তাঁদের কাছে যারা চিকিৎসা নিতে এসেছিলেন তাঁদের মধ্য থেকে গুলিবিদ্ধ আফসর (৩২), আজাদ মিয়া (২১), আসাদ উদ্দিন (৩৫), আবদুল খালিক (৪৫), আবদুল মালিককে (৫০) তাঁরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। রাজিউল কামালীর ছেলে শাকিল আহমদ অভিযোগ করেন, বিনা উসকানিতে প্রতিপক্ষ তাঁদের ওপর হামলা চালিয়েছে। অপরদিকে, মোমিন কামালীর নিকটাত্মীয় ফজল মিয়া জানান, প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর আগে হামলা চালিয়েছেন। পরে তাঁরা পাল্টা হামলা চালান।