সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সোনাতনপুর গ্রামে গত শনিবার প্রতিপক্ষের হামলায় সিদ্দিক মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া নরসিংদীর রায়পুরায় সংঘর্ষের ঘটনায় আহত সিরাজুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি গতকাল রোববার মারা গেছেন।
জগন্নাথপুর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ওই গ্রামের সিদ্দিক ও তাঁর ফুফাতো ভাই একই গ্রামের শামছুল মিয়ার মধ্যে দুই শিশুর ঝগড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ওই দিন রাতে শামছুল ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে সিদ্দিকের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা সিদ্দিককে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলে সিদ্দিক নিহত হন।
থানার এসআই মফিজুল আলম জানান, সিদ্দিকের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে রায়পুরায় গত বৃহস্পতিবার বৈশাখী মেলাকে কেন্দ্র করে উপজেলার নজরপুর ও মেথিকান্দার বাসিন্দাদের সঙ্গে শ্রীরামপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় সিরাজুল শহর থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু ঘটনাস্থলে পৌঁছামাত্র তিনি হামলার শিকার হন। এতে সিরাজুল গুরুতর আহত হন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। সিরাজুল উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরারচর এলাকার আবদুল কাদেরের ছেলে।