জগন্নাথপুরে ১৫ হাজার হেক্টরের বোরো তলিয়ে গেছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাউবোর বেড়িবাঁধ ভেঙে নলুয়ার ও মইয়ার হাওরের ১৫ হাজার হেক্টরের বোরো ফসল তলিয়ে গেছে। এর মধ্যে নলুয়ার হাওরের জগন্নাথপুর অংশে ১০ হাজার ও মইয়ার হাওরে পাঁচ হাজার হেক্টর জমির ফসল রয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত ১১টায় নলুয়ার হাওরের শালিকা ও টংগর ভেটুখালী বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে। গতকাল শনিবার দুপুর ১২টায় স্থানীয় সাংসদ সান্ত্বনা দিতে গেলে কৃষকের তোপের মুখে পড়েন। এ সময় কৃষকেরা ক্ষোভ প্রকাশ করে পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কৃষকেরা আজ রোববার পাউবোর কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছেন। গতকাল সরেজমিনে দেখা গেছে, কৃষকেরা তাঁদের কষ্টার্জিত ফসল তুলতে না পেরে ভেঙে পড়েছেন। অনেক কৃষককে কাঁচা ধান কাটতে দেখা গেছে। উপজেলার চিলাউড়া গ্রামের কৃষক জমাত আলী বলেন, ‘অনেক কষ্টে দেড় হাল জমিতে চাষাবাদ করেছিলাম। বেড়িবাঁধের কারণে ফসল তুলতে পারলাম না। কীভাবে ক্ষতি পোষাব, বুঝতে পারছি না।’ উপজেলা হাওর রক্ষা পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারেরা বেড়িবাঁধ নির্মাণ না করে লুটপাট করেছেন। যে কারণে আজ এই অবস্থা।’ তিনি আরও বলেন, ‘ওই সব কর্মকর্তা-কর্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছি।’ জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল হাছান বলেন, উপজেলার দুটি বৃহত্ হাওরে পানি ঢুকে ১৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান বলেন, ‘যারা বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’