জগন্নাথপুরে ‘লন্ডনি প্রতিশ্রুতি’র বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে এসে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রার্থীদের সমর্থকেরা নানা আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে পৌরবাসীর সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের দোকান—সব জায়গায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রার্থীদের সমর্থনে দল বেঁধে সমর্থকেরা ভোট প্রার্থনা করছেন।নির্বাচনে মেয়র পদে সাতজন, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা প্রত্যেকেই ভোটারদের সমর্থন আদায়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে একজন ছাড়া বাকি ছয়জনই ব্রিটেনপ্রবাসী। তাঁরা সবাই ব্রিটেনের মতো উন্নত নাগরিক-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন বলে ভোটাররা জানিয়েছেন।মেয়র পদপ্রার্থী শামীম আহমদ বলেন, ‘আমি ব্রিটেনের মতো উন্নত রাষ্ট্রে বসবাস করে উপভোগ করেছি সেখানকার উন্নত নাগরিক-সুবিধা। তাই নিজ দেশে এ রকম নাগরিক-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি।’ একইভাবে প্রবাসী শাহ নূরুল করীম ও আবদুল হান্নানও লন্ডনের মতো সুন্দর, পরিচ্ছন্ন নগর হিসেবে নিজের পৌরসভাকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। আরেক মেয়র পদপ্রার্থী লুৎফুর রহমান। তিনিও নাগরিকদের কাছে জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি আধুনিক ও মডেল পৌরসভা গঠনের কথা বলছেন। ব্রিটেনপ্রবাসী বর্তমান মেয়র আবদুল মনাফ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁকে নির্বাচিত করা হলে গত পাঁচ বছরে তিনি যা করতে পারেননি, সেই অসমাপ্ত কাজ শেষ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। একমাত্র স্বদেশি প্রার্থী আক্তারুজ্জামান গত দুইবার পৌর নির্বাচনে অল্প ভোটে পরাজিত হয়েছিলেন। এবার তিনি প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে আছেন। তিনি ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে বলছেন, ‘একবার আমাকে নির্বাচিত করে দেখুন, আপনাদের আমি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভা উপহার দেব।’পৌর এলাকার ব্যবসায়ী রাজু ভট্টাচার্য বলেন, ‘নির্বাচন এলেই প্রার্থীদের কাছ থেকে নানা প্রতিশ্রুতি শোনা যায়। পরে তাঁদের প্রতিশ্রুতির কথা মনে থাকে না। অতীতেও আমরা এ রকম অনেক প্রতিশ্রুতি শুনেছি।’ উপজেলা নাগরিক ফোরামের সভাপতি আবদুল হাশিম বলেন, যাঁরা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন, জনগণ তাঁদের মূল্যায়ন করে থাকে। আর যাঁরা প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে পারেন না, জনগণ তাঁদের বিশ্বাস করে না।