জগন্নাথপুরের হাওরগুলো এখনো অরক্ষিত
অকালবন্যায় হাওরের ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারি প্রথা বাতিল করে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) প্রথা চালু হয়েছে। কিন্তু সুনামগঞ্জের জগন্নাথপুরে বরাদ্দের অভাবে এখনো অধিকাংশ পিআইসি কাজ শুরু করা যায়নি। এ কারণে হাওর অরক্ষিত রয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। অথচ সরকারি হিসাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব বেড়িবাঁধের নির্মাণকাজ শেষ করার কথা। হাওর অরক্ষিত থাকায় এলাকার কৃষকেরা শঙ্কিত। স্থানীয় কৃষকেরা জানান, গত বছর অকালবন্যায় জেলার সব কটি হাওরের বেড়িবাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে গেলে বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রথা বাতিল করে সরকার জনগণের সম্পৃক্ততায় পিআইসি প্রথা চালুর সিদ্ধান্ত নেয়।পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উপজেলার নলুয়ার হাওরে ৭৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণে ২০টি ও সুরাইয়া-বিবিয়ানায় ৩২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণে পাঁচটি পিআইসি গঠন করে তিন কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের জন্য আবেদন করা হয়। কিন্তু এখন পর্যন্ত মাত্র পাঁচটি পিআইসির আওতায় নলুয়ার হাওরের জন্য ৫৯ লাখ ৫৭ হাজার ও সুরাইয়া-বিবিয়ানা হাওরের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দ পাওয়া পিআইসিগুলোর কাজ শেষ পর্যায়ে হলেও অন্যগুলো কাজ শুরু করতে পারছে না। পিআইসির আওতায় নির্মিতব্য এসব বাঁধের বেশির ভাগই উপজেলার কলকলিয়া ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে।ভুরাখালী গ্রামের বাসিন্দা কৃষক নেতা সিদ্দিকুর রহমান বলেন, ‘গত বছর অকালবন্যায় বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ায় কৃষকেরা বড় অসহায় অবস্থায় আছেন। এখনো কাজ শুরু না হওয়ায় আমরা শঙ্কিত।’ একটি পিআইসির সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিম বলেন, ‘কমিটি গঠন করা হয়েছে দুই মাস আগে। এখনো বরাদ্দ পাইনি। কাজ শুরু করব কীভাবে? টাকা বরাদ্দ পেলে কাজ শুরু করব।’ একই অভিযোগ অন্যান্য পিআইসির সঙ্গে সম্পৃক্ত অনেকের। চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান বলেন, ‘সময়মতো বরাদ্দ দেওয়া হচ্ছে না। এ কারণে কাজ করতে পারছি না।’পানি উন্নয়ন বোর্ড ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল বলেন, ‘আমরা প্রতিটি পিআইসিকে কার্যাদেশ দিয়েছি। অনেকেই কাজ শুরু করে দিয়েছেন। আশা করছি বরাদ্দ পেয়ে যাব। কোনো সমস্যা হবে না।’ জগন্নাথপুর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, ‘মাঠপর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দিয়ে পিআইসি গঠন করা হলেও সময়মতো বরাদ্দ না দেওয়ায় কাজ করা যাচ্ছে না।’