জগন্নাথে অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব হল উদ্ধারের দাবিতে অবরোধ চলাকালে গতকাল ভিক্টোরিয়া পার্ক এলাকায় শিক্ষামন্ত্রীর গাড়ির গতিরোধ করেন কয়েকজন শিক্ষার্থী । ছবি: প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব হল উদ্ধারের দাবিতে অবরোধ চলাকালে গতকাল ভিক্টোরিয়া পার্ক এলাকায় শিক্ষামন্ত্রীর গাড়ির গতিরোধ করেন কয়েকজন শিক্ষার্থী । ছবি: প্রথম আলো

পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার, বেদখলে থাকা তিব্বতসহ আরও ১০টি হল উদ্ধার, শিক্ষক-শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে বিভিন্ন বিভাগের পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
একই দাবিতে গতকাল বুধবার ১১ দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠনের সভাপতিদের নিয়ে গঠিত ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ’।
তবে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা সব হল দ্রুত উদ্ধার ও আগামী তিন মাসের মধ্যে বাংলাবাজার এলাকায় একটি ‘ছাত্রী হলের’ নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমের দখলে থাকা তিব্বত হল উদ্ধার করতে গেলে গত রোববার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। ঘটনার সঙ্গে জড়িত পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহারের দাবি জানিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শুরু করে সংগ্রাম পরিষদ। পরে বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে রায় সাহেব বাজার মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। পরে দুপুর ১২টার দিকে ঢাকা জেলা দায়রা জজ আদালতে আইনজীবী সমিতির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। প্রায় আধা ঘণ্টা পর সাবেক এই মন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের আবাসন-সংকট নিয়ে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে কথা বলার আশ্বাস দেন। এরপর সাবেক এই মন্ত্রীকে যেতে দেন তাঁরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও পুলিশের হামলার প্রতিবাদে গতকাল রায়সাহেব বাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ কারণে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এক বৃদ্ধ রোগীকে এভাবেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ছবি: প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও পুলিশের হামলার প্রতিবাদে গতকাল রায়সাহেব বাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এ কারণে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় এক বৃদ্ধ রোগীকে এভাবেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ছবি: প্রথম আলো

এ সময় তাঁরা জানতে পারেন, বিশ্ববিদ্যালয়সংলগ্ন কবি নজরুল সরকারি কলেজে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তখন দুপুর সাড়ে ১২টার দিকে কলেজসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এতে সদরঘাট থেকে গুলিস্তান ও বাবুবাজার থেকে যাত্রাবাড়ী সড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা একটার দিকে কবি নজরুল কলেজের অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ। কিন্তু শিক্ষামন্ত্রী চলে যাওয়ার সময় গাড়ির সামনে গিয়ে শুয়ে পড়েন শিক্ষার্থীরা। এরপর মন্ত্রী গাড়ি থেকে নেমে সড়কে ভ্যানের ওপর দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তিব্বত হলসহ আরও ১০টি হল যত দ্রুত সম্ভব উদ্ধার ও ক্যাম্পাসের ভেতর থাকা বাংলাদেশ ব্যাংকের শাখা স্থানান্তর করবে সরকার। আর আগামী তিন মাসের মধ্যে বাংলাবাজার এলাকায় একটি ছাত্রীহলের নির্মাণকাজ শুরু করা হবে। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।
এ সময় শিক্ষার্থীরা দুই দিনের মধ্যে হল উদ্ধারের দাবি জানালে মন্ত্রী বলেন, ‘দুই দিনের মধ্যে সব হল উদ্ধার করা হয়তো সম্ভব হবে না। তবে দখলদারদের কাছে জমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। অন্যথায় সরকার আইনি পদক্ষেপ নেবে বলে জানান মন্ত্রী।
বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্যসচিব সিরাজুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর পুরান ঢাকায় আসার কথা শুনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ সকাল ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে।
শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস প্রথম আলোকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত থাকার পরও ডিসি হারুন ও ওসি মনিরুজ্জামানকে প্রত্যাহার করেনি সরকার। তাই গতকাল শিক্ষক সমিতির জরুরি সভায় প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এ ছাড়া আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।