জগন্নাথে অভিগমন ও উন্নয়ন নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অভিগমনের ফলে দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। এটি একটি উন্নত ও উন্নয়নশীল দেশের জন্য কল্যাণকর। এর নেতিবাচক দিকও সবাইকে বিবেচনা করতে হবে।

গতকাল রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে এসব কথা বলেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। ‘অভিগমন ও উন্নয়ন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ। সেমিনারে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মল্লিক আকরাম হোসেন।

সেমিনারে ইউনিভার্সিটি ব্রুনাই দারুস সালামের জনসংখ্যা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম আহসান উল্লাহ বলেন, ‘বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অভিগমন খুব জরুরি। বৈদেশিক মুদ্রা দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে।’

ইউনিভার্সিটি ব্রুনাই দারুস সালামের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অভিগমন-বিষয়ক গবেষণার গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বিদেশে অভিগমন-সম্পর্কিত উচ্চশিক্ষার হার বাড়াতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন জাকারিয়া মিয়া বলেন, অভিগমনের ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকও রয়েছে। এই নেতিবাচক বিষয়গুলো কীভাবে ইতিবাচক করা যায় তা নিয়ে সবাইকে ভাবতে হবে।