জগন্নাথে ক্লাস হচ্ছে না, কাল তিন হল দলখমুক্ত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দ্বিতীয় দিনের মতো আজ শনিবার কর্মবিরতি কর্মসূচি পালন করছে। এতে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস হচ্ছে না। তবে পরীক্ষা এই কর্মসূচির আওতামুক্ত।

দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা ১০টি হল উদ্ধার ও শিক্ষক-শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামপুর এলাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সাংসদ হাজি সেলিমের দখলে থাকা তিব্বত হল দখল করতে গেলে গত রোববার হামলা চালায় পুলিশ। এতে প্রায় ৩০০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, আজ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের শিক্ষক ক্যাম্পাসে আসেননি। দু-একটি বিভাগের ক্লাস-পরীক্ষা চললেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কম।
সকাল নয়টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে কথা হয় ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী রুমানা আক্তারের সঙ্গে। তিনি বলেন, শিক্ষকদের কর্মবিরতি থাকায় ক্লাস বন্ধ রয়েছে। আজ বেলা ১১টার দিকে তাঁদের পরীক্ষা হওয়ার কথা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, শিক্ষকদের কর্মবিরতি বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত। ওই সময়ের আগে কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষা নিয়েছেন শিক্ষকেরা।
কাল তিন হল দখলমুক্ত করতে যাবেন শিক্ষার্থীরা: বেদখলে থাকা তিব্বত, শাহবুদ্দিন ও আবদুর রহমান হল দখলমুক্ত করতে আগামীকাল রোববার আবার যাবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল থাকা হল উদ্ধার সংগ্রাম পরিষদ’। ওই তিনটি হলের মধ্যে শাহবুদ্দিন ও আবদুর রহমান হলে পরিবার নিয়ে বসবাস করছেন কয়েকজন পুলিশ সদস্য।
পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাল আবার তিনটি হল দখলমুক্ত করতে যাবেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।