জগন্নাথে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে আজ বৃহস্পতিবার সকালে পুলিশের সংঘর্ষ হয়েছে। ২৫-৩০টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসে আসেন। বেলা পৌনে ১১টার দিকে তাঁরা ক্যাম্পাসে মহড়া দেন। ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে যাওয়ার সময় পুলিশ তাঁদের পেছনের ফটক দিয়ে বের হয়ে যেতে বলে। কিন্তু পুলিশের কথা না শুনে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রধান ফটক দিয়ে যেতে চাইলে সংঘর্ষ বেধে যায়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত প্রায় ২৫-৩০টি যাত্রীবাহী বাসের কাচ ভাঙচুর করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ দাবি করেন, প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের প্রতিবাদে আজ তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। কিন্তু বিক্ষোভ শেষে চলে যাওয়ার সময় বিনা কারণে পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদলের ১০ জন কর্মী আহত হন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এঁদের মধ্যে সিরাজ নামের একজনের পেটে গুলি লেগেছে। তাঁর অবস্থা গুরুতর।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দাবি করেন, ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর পুলিশ কোনো গুলি ছোড়েনি। নিজেদের গুলিতেই তাঁরা আহত হয়েছেন। এ ঘটনায় লুত্ফর রহমান নামের ছাত্রদলের একজন কর্মীকে আটক করা হয়েছে।