জগন্নাথে ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্য সচিব সিরাজুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে আজ রোববার মানববন্ধন ও সমাবেশ করেছেন শাখা ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বাতিল ও নতুন করে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সন্ধ্যাকালীন কোর্সের (ইএমবিএ) ছাত্র।

গত ১৩ মার্চ রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ আলমকে লাঞ্ছনার অভিযোগে সিরাজুল ইসলামকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ১৬ মার্চ গঠন করা হয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি। ৫ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কমিটির প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে। তবে গতকাল শনিবার এই তদন্ত প্রতিবেদন ফাঁস হয়ে যায়। প্রথম আলোর কাছেও ওই প্রতিবেদনের কপি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করেন ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সিরাজুল ইসলামকে মিথ্যা অভিযোগে ক্যাম্পাস থেকে বহিষ্কার করেছে প্রশাসন। এ ছাড়া ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিন্ডিকেটে যাওয়ার আগেই ফাঁস হয়ে গেছে। এর মধ্য দিয়ে প্রশাসনের আসল চরিত্র প্রকাশ পেয়েছে। তাই সিরাজুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সব শিক্ষার্থীকে একসঙ্গে আন্দোলনে আসার আহ্বান জানান তাঁরা।

সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানকে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

তদন্ত প্রতিবেদন ফাঁসের অভিযোগ অস্বীকার করে উপাচার্য মীজানুর রহমান সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন তাঁর কাছে সিলগালা অবস্থায় রয়েছে। তা ফাঁস হওয়ার প্রশ্নই আসে না। তবে গঠিত কমিটির সদস্যরা তা ফাঁস করেছেন কি না, তা জানা নেই।

বিশ্ববিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে ছাত্রলীগের সহসভাপতি হিমেলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পরিবেশবিষয়ক সম্পাদক জুবায়ের প্রিন্সসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন।