জগন্নাথে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, বহিষ্কৃত ৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে৷ এতে উভয় পক্ষের অন্তত সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন৷ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ৷
আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষ হয় বলে একাধিক সূত্র জানিয়েছে৷
প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্র জানায়, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের পক্ষের কর্মী মো. রনি ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সমর্থক আমিনুল ইসলামের মধ্যে গত সোমবার ক্যাম্পাসে হাতাহাতির ঘটনা ঘটে৷ এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে শহীদ মিনারের সামনে সাধারণ সম্পাদকের সমর্থক তানভির রহমানের ওপর হামলা চালান সভাপতির পক্ষের নেতা-কর্মীরা৷ খবর পেয়ে সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীরা সভাপতির পক্ষের কর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন৷ পরে বেলা ১১টার দিকে শরিফুল ইসলামের নেতৃত্বে রামদা, চাপাতি, রড ও লাঠিসোঁটা নিয়ে এলে আবার তাঁদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসে থেকে বের করে দেন সাধারণ সম্পাদকের পক্ষের কর্মীরা৷ এ সময় প্রধান ফটকের সামনে কয়েক মিনিট পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে৷ এতে উভয় পক্ষের আরও ছয়জন নেতা-কর্মী আহত হন৷ তাঁদের মধ্যে জসীমউদ্দীন, পারভেজ, তানভীর রহমান ও সাইফুল ইসলাম নামের চারজনকে পুরান ঢাকার একটি বেসরকাির হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরে দুপুর সাড়ে ১২টার দিকে কোনো কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে চারটি ফটোকপির দোকানে ভাঙচুর চালান সভাপতির পক্ষের কর্মীরা৷
জানতে চাইলে সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবারের ঘটনায় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে৷ তার পরও কোনো কারণ ছাড়াই গতকাল তাঁর পক্ষের নেতা-কর্মীদের ওপর সভাপতির কর্মীরা হামলা চালিয়েছেন৷
এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় শরিফুল ইসলামের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়৷
ছয় নেতা বহিষ্কৃত: সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয়জন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ৷ গতকাল রাতে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বহিষ্কৃত নেতারা হলেন সাংগঠনিক সম্পাদক গোলাম মাঈনুল সিদ্দিকী, জহির রায়হান, উপ-আইন সম্পাদক মো. সাদ্দাম হোসেন, উপসম্পাদক মো. রায়হান, উপপাঠাগার সম্পাদক মো. ইব্রাহীম ও সহসম্পাদক শরীফ৷