জগন্নাথের ক্যাম্পাসে ফের বাংলাদেশ ব্যাংকের শাখায় তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরের দাবিতে ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরের দাবিতে ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরের দাবিতে আজ বুধবার প্রধান ফটকে ফের তালা ঝুলিয়ে দিয়েছেন। বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা ব্যাংকটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বেদখল হয়ে থাকা হল উদ্ধারে আন্দোলন করছেন তাঁরা।
একই সঙ্গে শিক্ষার্থীদের অনেকে ভিক্টোরিয়া পার্ক এলাকায় জনসন রোডের বিভিন্ন স্থানে টায়ার জ্বেলে অবরোধ করে রেখেছেন। এতে সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
একই সময় একই দাবিতে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করছে শিক্ষক সমিতি।
গতকাল মঙ্গলবারও আন্দোলনরত শিক্ষার্থীরা ব্যাংকের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন। তাঁরা তিন দিনের মধ্যে ব্যাংলাদেশ ব্যাংকের শাখাটি স্থানান্তরের সময় বেঁধে দেন। এ ছাড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে সমবায় ব্যাংকের একটি জায়গার সীমানাপ্রাচীর ভেঙে দখল করার পর ওই জমির প্রবেশফটকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ব্যানার লাগিয়ে দেন।
বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর ও দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গত ১২ ফেব্রুয়ারি থেকে টানা আন্দোলন করে যাচ্ছেন। পরে শিক্ষকেরাও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদের ব্যানারে এই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নেতৃত্বে রয়েছেন ছাত্রলীগের নেতারা।