জগন্নাথের হল পুনরুদ্ধারে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেদখল হওয়া হল উদ্ধারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: মনিরুল আলম
বেদখল হওয়া হল উদ্ধারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: মনিরুল আলম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দখল হয়ে যাওয়া হলগুলো উদ্ধারের জন্য স্থানীয় সাংসদ কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার, শিক্ষক-শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত এবং দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করে আজ সোমবার সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একই দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে থাকা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা। একই সঙ্গে ব্যাংকের শাখাটি স্থানান্তরের দাবি জানিয়ে আগামীকাল ওই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অফিস বর্জনের আহ্বান জানান তাঁরা।

হল পুনরুদ্ধারে শিক্ষা মন্ত্রণালয়ে কমিটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দখল হয়ে যাওয়া হলগুলো উদ্ধারের জন্য স্থানীয় সাংসদ কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন হয়।


কমিটির সদস্যরা হলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ), ভূমি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার জেলা প্রশাসক। কমিটির সদস্যসচিব হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। ওই কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে হলগুলো উদ্ধারের বিষয়ে বিশদ পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ দিতে বলা হয়েছে।

এ দিকে আজকের সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের জন্য যথাসম্ভব কাছাকাছি স্থানে নতুন জমি কেনার জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে আহ্বায়ক করে জমি ক্রয় কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের অসমাপ্ত নির্মাণকাজ এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত পরিবহন সুবিধা নিশ্চিত করারও সিদ্ধান্ত নেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তিনি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে অবিলম্বে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সভায় শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) কাজী সালাউদ্দিন আকবরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সমাবেশ

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ। এক ঘণ্টা তারা ক্যাম্পাসের বিভিন্ন অনুষদের সামনে বিক্ষোভ মিছিল করেন। দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিক্টোরিয়া পার্ক এলাকায় জনশন রোড অবরোধ করেন। সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও হল উদ্ধার সংগ্রাম পরিষদের ব্যানারে সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী মিছিল নিয়ে রায়সাহেব বাজার মোড় অবরোধ করেন। মিছিল নিয়ে আসার সময় শিক্ষার্থীরা আজমেরি পরিবহনের একটি বাসের কাচ ভাঙচুর করেন। পরে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নিলে সদরঘাট-গুলিস্তান সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ দিকে অবরোধ তুলে নিয়ে বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রফিক ভবনের সামনে সমাবেশ করে শিক্ষক সমিতি ও হল উদ্ধার সংগ্রাম পরিষদ। এ সময় হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্যসচিব সিরাজুল ইসলাম বলেন, দাবি আদায়ে আগামীকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে শাখাটি স্থানান্তরের জন্য দাবি জানিয়ে আগামীকাল ওই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অফিস বর্জনের আহ্বান জানান তিনি। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেবে না বলে হুঁশিয়ার করেন তিনি।

এর আগে বেলা ১১টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দাবি আদায়ে আজ চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা।
শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস মানববন্ধনে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটলেও দায়ী দুই পুলিশের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেয়নি সরকার। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি চলবে।