জগলুল আহমেদ ছিলেন অসাধারণ হৃদয়ের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল সাংবাদিক জগ্‌লুল আহ্‌মেদ চৌধূরী স্মরণসভায় বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে গতকাল সাংবাদিক জগ্‌লুল আহ্‌মেদ চৌধূরী স্মরণসভায় বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান l ছবি: প্রথম আলো

সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী ছিলেন বিনয়ী এবং স্পষ্টবাদী। তিনি ছিলেন অসাধারণ হৃদয়ের মানুষ। সারা জীবনই তিনি অপরের জন্য করে গেছেন, দিয়ে গেছেন।
জগলুল আহমেদ  চৌধূরীর স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠানে ঘুরেফিরে এসব কথাই বলেছেন বক্তারা। ঢাকাস্থ হবিগঞ্জ অ্যাসোসিয়েশন গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে।
স্মরণ সভায় ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘অসাধারণ ভদ্র ছিলেন জগলুল । কারও নিন্দা করতে পারতেন না। সবার গুণ দেখতেন তিনি। সবার মধ্যেই ভালো কিছু দেখতেন তিনি।’
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, জগলুল  নিজের মেধা ও যোগ্যতা দিয়ে সাংবাদিকতার এমন একপর্যায়ে পৌঁছেছেন, যেখানে সবাই তাঁকে স্মরণ করেন। তিনি কূটনীতিক ছিলেন না, কিন্তু কূটনৈতিকতার যে আচার-আচরণ বা চর্চা ছিল, সেগুলো তাঁর জানা ছিল। তিনি বলেন, ‘সম্পর্কে আমরা নানা-নাতি। যখন দেখা হতো, দূর থেকে তিনি বলতেন, “কেমন আছিস নাতি?”’
মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘একজন জগলুল আহমেদ  চৌধূরীকে আমরা পাব না। তবে তিনি আমাদের দিয়ে গেছেন অনেক কিছু।’
সাংবাদিক সালেহ চৌধুরী জানান, জগলুল আহমেদ চৌধূরীর নাম ছিল সালেহ আহমেদ চৌধূরী। তিনি বলেন, ‘জগলুল আমার কথা বিবেচনা করে তার নাম পরিবর্তন করে। সে বলেছিল, “একই জেলার একই নামের দুই সাংবাদিক হলে কেমন হয়।” এ নাম পরিবর্তনের জন্য অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছিল তাঁকে।’
সভায় জগলুল  আহমেদের মেয়ে অন্তরা আহমেদ চৌধুরী, দুই বোন দিলরুবা হেনা ও সেলিনা চৌধুরী জগলুল আহমেদ  সম্পর্কে আবেগঘন কিছু কথা বলেন। অন্তরা বলেন, ‘আমার বাবা কোন পর্যায়ের মানুষ ছিলেন, একজন মানুষ হিসেবে, একজন সাংবাদিক হিসেবে সেটা আপনারা সবাই জানেন, আমার বলার কিছু নেই। সব সময় একটা কথা বলতেন, অন্যের কথা ভাবো, নিজের না। দেওয়ায় হলো আনন্দ, নেওয়ায় না। দিতে শেখো।’
 জগলুল  আহমেদের দেওয়া অন্যের উপকার করার দায়িত্ব পালন করার কথা জানিয়ে সেলিনা চৌধুরী বলেন, ‘আমার মাথায় ছায়া নেই। আমার আর ফোনের জন্য অপেক্ষা করতে হবে না। আমার আর দায়িত্ব পালন করতে হবে না।’
সভায় আরও বক্তব্য দেন হবিগঞ্জ-৪ আসনের সাংসদ মো. মাহবুব আলি, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকাস্থ হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল হাসান প্রমুখ।
অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম দিলওয়ারের সভাপতিত্বে স্মরণ সভায় জগলুল আহমেদ চৌধূরীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। সভার শুরুতে পাকিস্তানে স্কুলে হামলার প্রতিবাদ জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জগলুল আহমেদ চৌধূরীর আত্মার শান্তির জন্য দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।