জগলুল আহমেদের মৃত্যুতে তদন্ত কমিটি, আজ দাফন

সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক ও যুগ্ম সচিব মশিয়ার রহমানের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।
জগলুল আহমেদ বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক। সর্বশেষ ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর উপদেষ্টা সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক বিষয় নিয়ে বিভিন্ন লেখালেখির কারণে দেশ-বিদেশে বেশ খ্যাতি অর্জন করেছেন এই প্রবীণ সাংবাদিক। গত শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
জগলুল আহমেদের ছেলে নাভিদ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আজ সোমবার সকালে তাঁর বোন অন্তরা আহ্মেদ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। বাদে জোহর মরদেহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বনানী জামে মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে লাশ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। এরপর দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ময়নাতদন্ত না করার আবেদন: পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মরহুমের পরিবার জেলা প্রশাসকের কাছে সেই অনুমতি নিয়েছে।
জানতে চাইলে জগলুল আহমেদের এক স্বজন বলেন, চালকের অবহেলা তো এখন স্বাভাবিক ঘটনা। তাই কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ফলে ময়নাতদন্তেরও প্রয়োজন নেই। তবে প্রত্যাশা থাকবে, এ ধরনের অবহেলার বিরুদ্ধে যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির অনুরোধ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক জগ্লুল আহ্মেদের মৃত্যুর ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়েছে। ঘাতক চালক ও বাসটি এখনো শনাক্ত করা যায়নি। এ সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গণমাধ্যম সেন্টারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
তথ্য দেওয়ার জন্য ০১৭১৩৩৯৮৭৫৬, ০১৭১৩৩৯৮৭৫৭ এবং কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোন নম্বর ০১৭১৩৩৯৮৩৩৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।
শোক: ঘটনার পরপরই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক জগলুল আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছিলেন। গতকালও বিভিন্ন মন্ত্রী এবং সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক সংগঠন ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। এঁদের মধ্যে রয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া আইন ও সালিশ কেন্দ্র, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), তৈরি পোশাকশিল্প ও রপ্তানিকারকদের প্রতিষ্ঠান (বিজিএমইএ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), গণফোরাম ও জাকের পার্টি বিবৃতি দিয়ে শোক জানিয়েছে।