জগলুল আহ্মেদের মৃত্যর জন্য দায়ী গাড়িচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগলুল আহ্‌মেদ চৌধূরী
জগলুল আহ্‌মেদ চৌধূরী

সাংবাদিক জগলুল আহ্‌মেদ চৌধূরীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য বাসচালক ও চালকের সহকারী, রাজধানীর পান্থপথে অনুমোদনহীন মোহনা হাসপাতালের কর্মকর্তা, মালিক এবং দায়িত্বরত পুলিশকে দায়ী করেছে সরকারের গঠিত তদন্ত কমিটি।
তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ ১৫টি সুপারিশ করেছে। একই সঙ্গে মামলাটি সিআইডিতে হস্তান্তর করার সুপারিশ করা হয়েছে।
গত ২৯ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান জগলুল আহ্‌মেদ চৌধূরী। পরদিন বিআরটিএর পরিচালক (প্রশাসন) মশিয়ার রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রতিবেদন জমা দিয়েছে। কমফোর্ট হাসপাতালে সিসি ক্যামেরা না থাকার অব্যবস্থাপনার কথাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন জগলুল আহ্‌মেদ চৌধূরীকে বাসটি সোনারগাঁও ক্রসিংয়ে নামিয়ে দেয়। যেখানে নির্ধারিত স্টপেজ নেই। যাত্রী নামানোর সময় যেভাবে বাস থামার কথা, সেভাবে থামানো হয়নি। এক পা রাস্তায় নামানোর সঙ্গে সঙ্গে বাসটি যাত্রা শুরু করে, যে কারণে বাসের ধাক্কায় জগলুল আহ্‌মেদ চৌধূরী আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে যান এবং মৃত্যবরণ করেন। এ ক্ষেত্রে বাসচালক ও চালকের সহকারী দায়ী।
এ ঘটনায় আহত ব্যক্তিকে পুলিশের উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া উচিত ছিল। এ ক্ষেত্রে পুলিশের অবহেলা ছিল। কলাবাগান থানা যথাসময়ে ঘটনাস্থলে যায়নি। রাত আটটা ৪১ মিনিট পর্যন্ত রোগী মোহনা হাসপাতালে ছিলেন। সাড়ে আটটায় গিয়ে কমফোর্ট হাসপাতালে রোগীকে না পাওয়া তথ্যভিত্তিক নয়।
প্রতিবেদনে মোহনার কর্মকর্তা ও ব্যবস্থাপনার গাফিলতির কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোহনা হাসপাতালের কার্যক্রম পরিচালনার সরকারের অনুমোদন ছিল না। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কোনো চিকিৎসক ছিলেন না। এই হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্র না থাকার কারণে রোগীর অবস্থা আরও বেশি অবনতি হয়।
তদন্ত কমিটি ঢাকা মহানগরের সব রাস্তায় বাস থামার স্থান নির্ধারণ করে দেওয়ার সুপারিশ করেছে। এ ছাড়া স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থার প্রচলন, শাস্তির মেয়াদ বাড়ানো, পুলিশ বাড়ানো, পথচারীদের আইনের আওতায় আনাসহ সব গাড়িচালকের তথ্যভান্ডার তৈরি করার সুপারিশও করা হয়েছে।