জগৎজ্যোতি হত্যার বিচার দ্রুত করার দাবি
সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জগৎজ্যোতি তালুকদার হত্যার বিচার দ্রুত করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল রোববার জগৎজ্যোতি হত্যার এক বছর পূর্ণ হওয়ায় গণজাগরণ মঞ্চ নগরে বিক্ষোভ শেষে সমাবেশে এ দাবি জানায়।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক জগৎজ্যোতিকে গত বছরের ২ মার্চ জামায়াত-শিবিরের অস্ত্রধারীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মহানগর জামায়াতের আমিরসহ জামায়াত-শিবিরের ২৫ নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়। প্রধান আসামিসহ এজহারভুক্ত কয়েকজন ব্যক্তি বর্তমানে কারাবন্দী রয়েছেন।
মিছিলের পর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘জগৎজ্যোতি যে দলের রাজনীতি করতেন, সেই দল ক্ষমতায় থাকা সত্ত্বেও গত এক বছরে তাঁর খুনিদের শাস্তি নিশ্চিত হয়নি। এমনকি বিচার কার্যক্রম শুরু হয়নি। পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতাদের ব্যর্থতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।’
সমাবেশে গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি সৈয়দ মুনির হেলাল, কবি আবিদ ফয়সাল, কবি আহমেদ সায়েম, গণজাগরণ মঞ্চের সংগঠক কবির য়াহমদ, বিনয় ভদ্র প্রমুখ বক্তব্য দেন।
জগৎজ্যোতি হত্যাকাণ্ডের এক বছর পূর্তিতে গতকাল সকালে নগরের ইব্রাহিম স্মৃতি সংসদে মহানগর ছাত্রলীগ স্মরণসভা করে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ নেতারা বক্তব্য দেন।