জগৎজ্যোতির গ্রামে শোকের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ছাত্রলীগের সাবেক নেতা জগৎজ্যোতি তালুকদারের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিংহনাথ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষ তাঁর এই মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে। জগৎজ্যোতির ভাতিজি কলেজছাত্রী প্রিয়াঙ্কা রানী তালুকদার বলেন, ‘ছোটবেলা থেকেই কাকা রাজনীতিতে সক্রিয় ছিলেন। কলেজে ভর্তি হয়েই কাকা নেতৃত্ব দেওয়ার সুযোগ পান। আমাদের আশা ছিল, তিনি আরও বড় নেতা হবেন। আমাদের সে স্বপ্ন পূরণ হতে দিল না সন্ত্রাসীরা।’জগৎজ্যোতির স্কুলজীবনের সঙ্গী আশিষ কুমার দাস বলেন, ‘সম্পর্কে চাচা-ভাতিজা হলেও আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। একসময় কাকা ছাত্রলীগের রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়লেন। মেধা ও নেতৃত্বের গুণের কারণে খুব কম সময়েই তিনি সিলেট মদনমোহন কলেজে ছাত্রলীগের নেতৃত্ব পান।’জগদল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধিন্দ্র কুমার দাস বলেন, ‘জগৎজ্যোতি ছিল মেধাবী ছাত্র। রাজনীতিতেও সে কম দিনে অনেক এগিয়ে গিয়েছিল। তার অকাল মৃত্যুতে আমাদের ভাটি অঞ্চলের অপূরণীয় ক্ষতি হলো।’জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মুখলেছুর রহমান বলেন, ‘পাশের গ্রামের বাসিন্দা জগৎজ্যোতির সঙ্গে ছিল আমার পারিবারিক সম্পর্ক। তাঁর সামাজিক ও রাজনৈতিক আচার-আচরণও ছিল অত্যন্ত ভালো। তাঁর মৃত্যুতে আমাদের এলাকার অনেক ক্ষতি হলো।’দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন বলেন, ‘পাড়াগাঁয়ের ছেলে জগৎজ্যোতি সিলেটের রাজনীতিতে যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। আমরা দিরাইয়ে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবিতে মিছিল-সমাবেশ করেছি। তাঁর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’