বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বাদশ সাক্ষী অরুণাংশু বিমল চৌধুরী (৮০) গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধকালে জগৎমল্লপাড়ায় হত্যাকাণ্ডে তিনি পরিবারের আট সদস্যসহ অনেককে হারিয়েছেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অরুণাংশুর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। এ সময় সাকা চৌধুরী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। জবানবন্দিতে অরুণাংশু বলেন, তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার জগৎমল্লপাড়ার সুলতানপুর গ্রামে। মাধ্যমিকের পর তিনি এলএমএফ (লাইসেনশিয়েট অব মেডিকেল ফ্যাকাল্টি বা গ্রাম্য চিকিৎসক) উত্তীর্ণ হন। রাঙ্গুনিয়ার রানীরহাটে তিনি ডাক্তারি করেন। মুক্তিযুদ্ধকালে একদিন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়কোবাদ চৌধুরী তাঁকে পরিবারসহ বাড়ি থেকে দুই মাইল দূরে চলে যেতে বলেন। এরপর তিনি সপরিবারে বিনাজুড়িতে শ্বশুরবাড়ি চলে যান। সেখানে পৌঁছানোর ঘণ্টা দুয়েক পর শুনতে পান জগৎমল্লপাড়ায় সবাইকে গুলি করে মেরে ফেলা হয়েছে।এ পর্যায়ে সাক্ষী কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি বলেন, কী ঘটেছে তা দেখতে তিনি জগৎমল্লপাড়ার দিকে রওনা দেন। বাড়ি থেকে এক মাইল দক্ষিণে তিনি ভাইয়ের স্ত্রী জ্যোৎস্না বালা চৌধুরীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখেন। তিনি তাঁকে বিনাজুড়ি নিয়ে যান।এ সময় সুলতান মাহমুদ জানতে চান, এসব ঘটনা কারা ঘটিয়েছে? রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ‘তা আমি জানি না, কারণ আমি বাড়িতে ছিলাম না।’ এরপর অরুণাংশু জবানবন্দিতে বলেন, পরে বিনাজুড়িতেও লুটপাট শুরু হয়। এ সময় তিনি সপরিবারে ধানখেতে লুকিয়ে ছিলেন। পরে হেঁটে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ শেষে দেশে ফিরে দেখেন, শুধু মাটির ঘরগুলো দাঁড়িয়ে আছে।অরুণাংশু বলেন, জগৎমল্লপাড়ার হত্যাকাণ্ডে তাঁর বড় ভাই হিমাংশু বিমল চৌধুরী ও তাঁর স্ত্রী নিরুবালা চৌধুরী, মেজো ভাই প্রেমাংশু বিমল চৌধুরী ও তাঁর স্ত্রী জ্যোৎস্না বালা চৌধুরী, আরও দুই ভাই সীতাংশু বিমল চৌধুরী ও কিরণ চন্দ্র চৌধুরী, চাচা সুরেন্দ্র চন্দ্র চৌধুরী ও তাঁর স্ত্রী চারুবালা চৌধুরীসহ পরিবারের আরও অনেকে মারা যান। তাঁদের বাড়িতেই এই হত্যাকাণ্ড ঘটে। ওই ঘটনার আনুমানিক এক মাস পর আরও তিনজনকে হত্যা করা হয়। জবানবন্দি শেষে আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক বলেন, আসামির বিরুদ্ধে সাক্ষী কিছু বলেননি। এ জন্য তাঁকে জেরা করবেন না।পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ট্রাইব্যুনাল ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।গোলাম আযমের বিরুদ্ধে মামলায় চতুর্থ সাক্ষীর জবানবন্দি শুরু: একই ট্রাইব্যুনালে জামায়াতে ইস-লামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলায় গতকাল জবানবন্দি দেওয়া শুরু করেছেন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী মো. এজাবউদ্দিন মিয়া (৩৯)। তিনি বাংলা একাডেমীর সহ-গ্রন্থাগারিক এবং এই মামলায় জব্দ তালিকার প্রথম সাক্ষী। গোলাম আযম আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।এজাবউদ্দিন বলেন, ২০১০ সালের সেপ্টেম্বরে এই মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান ও তাঁর সহকর্মীরা বাংলা একাডেমীতে যান। সেখানে তাঁরা ১৯৭১ ও ১৯৭২ সালের বিভিন্ন পত্রিকার প্রতিবেদনের অনুলিপি সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো মূল পত্রিকার সঙ্গে মিলিয়ে দেখেন এবং এসব অনুলিপিতে স্বাক্ষর করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও সুলতান মাহমুদ সংগৃহীত পত্রিকার কয়েকটি অনুলিপি প্রদর্শনী হিসেবে পরে ট্রাইব্যুনালে দাখিল করেন। এগুলোর বেশির ভাগ ছিল দৈনিক আজাদ ও জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম-এ প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের অনুলিপি। এজাবউদ্দিন আজ সোমবার বাকি জবানবন্দি দেবেন।সাঈদীর পক্ষে চতুর্থ সাক্ষীর জবানবন্দি: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের চতুর্থ সাক্ষী মো. খসরুল আলম (৬২) জবানবন্দি দেন। তিনি বলেন, তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। একাত্তরের ডিসেম্বরে ক্যাপ্টেন জিয়া (সাব-সেক্টর কমান্ডার জিয়াউদ্দিন আহমেদ) বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে নিয়ে পারেরহাটে গেলে স্থানীয় লোকজন তাঁকে রাজাকারদের কার্যকলাপ সম্পর্কে জানায়। সাঈদী রাজাকার ছিলেন—এ কথা কোনো লোক বলেনি।খসরুল আলমকে পরে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। জেরা আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।