জগৎমল্লপাড়ায় সন্তুষ্টির মধ্যেও চাপা আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানের কুণ্ডেশ্বরী ভবনের মূল ফটকটি বেশ উঁচু। গ্রিলের তৈরি ফটকের ফাঁক দিয়ে ভেতরে থাকা পুলিশ সদস্যদের দূর থেকেও দেখা যাচ্ছে। বাইরে দাঁড়িয়ে আছেন ভবনের নিজস্ব নিরাপত্তারক্ষী। সাংবাদিক পরিচয় দিয়ে গতকাল বুধবার দুপুরে ভেতরে ঢুকতে চাইলে বাদ সাধলেন তাঁরা। এ সময় ভবনের ভেতর থেকে ছুটে এলেন এক পুলিশ সদস্য। তিনি বললেন, নিরাপত্তার কারণে ভেতরে ঢোকা নিষেধ আছে।
শুধু কুণ্ডেশ্বরী ভবন নয়, রাউজানের জগৎমল্লপাড়া, ঊনসত্তরপাড়া, গহিরাসহ সহ আশপাশের এলাকায় ছিল ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। তবে নিরাপত্তার মধ্যেও জগৎমল্লপাড়ায় ছিল চাপা আতঙ্ক। সাকা চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তুষ্টি প্রকাশ করলেও বাসিন্দাদের অনেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।
কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহকে ১৯৭১ সালের ১৩ এপ্রিল ভবনের ভেতরে মন্দিরে পূজা-অর্চনারত অবস্থায় সাকা চৌধুরীর নেতৃত্বে হত্যা করা হয়েছিল। তাঁর ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম সাক্ষী। রায় ঘোষণার পর মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘জাতি তার প্রত্যাশিত রায় পেয়েছে। আমারও ভালো লাগছে। কারণ আমরা ক্ষতিগ্রস্ত। এতে আমার বাবার আত্মা শান্তি পাবে। রায় যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা যায়, ভালো হয়।’
কুণ্ডেশ্বরী ঔষধালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে জগৎমল্লপাড়া। সাকা চৌধুরীর নেতৃত্বে এখানেও চলে গণহত্যা। একাত্তরের ১৩ এপ্রিল জগৎমল্লপাড়ায় ৩২ জন এবং ৫ মে হত্যা করা হয় তিনজনকে। ৩৫ জনের নামফলকসহ একটি স্মৃতিসৌধ এই পাড়ায় রয়েছে। গত মঙ্গলবার থেকে এখানে পুলিশের পাহারা বসানো হয়েছে। অপরিচিত কাউকে দেখলেই নাম-পরিচয় জানতে চাইছে পুলিশ। তবে গতকাল এই পাড়ার বাসিন্দাদের খুব একটা বের হতে দেখা যায়নি। যাঁরা ঘর ছেড়ে বিভিন্ন কাজে বেরিয়েছেন, তাঁরাও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।
সাকা চৌধুরীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এই জগৎমল্লপাড়া থেকেও কয়েকজন সাক্ষ্য দিয়েছেন। তাঁদেরই একজন আশীষ চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় তিনি বাবা-ভাইসহ ১৩ স্বজনকে হারিয়েছেন। পুলিশের উপস্থিতিতে গতকাল আশীষ চৌধুরীর ঘরের দরজার কড়া নাড়লেও কেউ সাড়া দেননি। বাড়ির উঠানে দাঁড়িয়ে ফোন করা হলে তিনি শহরে রয়েছেন বলে জানান। রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘রায়ে আপনারা যদি খুশি হন, তাহলে আমরাও খুশি। এর বেশি কিছু আর কী বলব?’ নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আপনাকে কী বলব। আপনারা যেটা মনে করেন, যেটা বুঝবেন সেটাই লেখেন।’
জগৎমল্লপাড়া থেকে সাকা চৌধুরীর বাড়ির দূরত্ব প্রায় তিন কিলোমিটার। গহিরা এলাকায় বিশাল দিঘির পাড়ে তাঁদের পৈতৃক বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় চারদিক নীরব-নিথর। কোথাও কেউ নেই। আশপাশের লোকজন বলেন, এই বাড়িতে অনেক দিন কেউ আসে না।
সাকার বাড়ি থেকে কয়েক পা এগোতেই গহিরা কলেজ মোড়ে পুলিশের বিশাল দল নিয়ে দাঁড়িয়ে আছেন রাউজান থানার ওসি প্রদীপ দাশ। তিনি জানান, গহিরা, কুণ্ডেশ্বরী, জগৎমল্লপাড়া, ঊনসত্তরপাড়ায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাক্ষীদের নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা নেই।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাউজানে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।