জঙ্গল সলিমপুরে আবারও পাহাড়ধস
প্রবল বর্ষণের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গতকাল সোমবার আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি ঘর বিধ্বস্ত হলেও কেউ হতাহত হয়নি। জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে গত শুক্রবার ভোরে পাঁচজন নিহত হয়।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামের লোকমানঘোনার মাদারবাড়ি শাখার ৭ নম্বর সমাজের কবির আহম্মদের ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। তবে ওই সময় বাড়িতে কেউ ছিল না।
সীতাকুণ্ড থানা-পুলিশের ছিন্নমূল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ইছহাক মিয়া প্রথম আলোকে বলেন, ৭ নম্বর সমাজ এলাকায় ঝুঁকিপূর্ণ বসতঘরের সংখ্যা ২০টি। গত শুক্রবারের পাহাড়ধসের পর ঝুঁকিপূর্ণ বসতঘরগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, বৃষ্টি থাকায় মাদারবাড়িতে পাহাড়ধসের ঘটনার পর সরিয়ে নেওয়া বাসিন্দাদের এখনো ঘরে ফিরতে দেওয়া হয়নি। এ কারণে পাহাড়ধসে ঘরের ওপর পড়লেও এর বাসিন্দারা প্রাণে বেঁচে গেছে।