জঙ্গল সলিমপুরে বিএনপি ও আ.লীগের পাল্টাপাল্টি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাল্টাপাল্টি সভার ডাক দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই এলাকায় গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল নয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।প্রশাসন সূত্র জানায়, জঙ্গল সলিমপুরের আরিফনগর এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন একটি স্মরণসভার আয়োজন করেছিল। গতকাল ওই সভা হওয়ার কথা ছিল। আলী আক্কাস নামে এক ব্যক্তির স্মরণে ডাকা ওই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম উপস্থিত থাকবেন বলে আয়োজকেরা প্রচারণা চালিয়েছিল।আক্কাস দুই মাস আগে পুলিশ ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তাঁর বিরুদ্ধে জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ ছিল। ওই জমি নিম্ন ও মধ্য আয়ের লোকজনের নামে বরাদ্দ দিয়ে তিনি বিপুল অর্থ আদায় করেন বলেও অভিযোগ রয়েছে। জানা যায়, আক্কাসের স্মরণসভা আহ্বানের বিষয়টি প্রচার হওয়ার পর একই স্থানে একই সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সভা আহ্বান করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। এ নিয়ে দুই দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এম মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষ একই জায়গায় সমাবেশ ডাকায় আমরা সভা-সমাবেশ নিষিদ্ধ করতে ১৪৪ ধারা জারির সুপারিশ করি।’ পুলিশ সূত্র জানায়, ‘১৪৪ ধারা জারির কারণে ওই এলাকায় কোনো সভা-সমাবেশ হয়নি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে রয়েছেন।’