জঙ্গলে জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের নিভিয়াঘাটা গ্রাম! ব্যাটারিচালিত অটোরিকশা, টেম্পো, টক্কায় (ভটভটির স্থানীয় নাম) করে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এই গ্রামে। গাড়ি থেকে নেমেই আগন্তুকেরা বাড়ির পেছনের জঙ্গলে হারিয়ে যান। সেখানে স্থানে স্থানে জঙ্গল পরিষ্কার করে বানানো হয়েছে মাটির গোলচত্বর। সেখানে বসে জুয়ার আসর। আয়োজকেরা স্থানে স্থানে লোক দাঁড় করিয়ে রাখেন। পুলিশ বা প্রশাসনের লোকজন এলে আগেভাগে খবর দেওয়াই তাঁদের কাজ। এক বছরের বেশি সময় ধরে আগন্তুকেরা প্রতিদিন কয়েক লাখ টাকার জুয়া খেলেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা আইনউদ্দিনের (৭০) সঙ্গে। তিনি বলেন, ‘জুয়া খেলে লোকজন ফতুর হয়ে পড়ছে। গ্রামে এখন শান্তি নাই। চুরিচামারি হইতেছে। জুয়া খেলা বন্ধ করতে গ্রামের মুরুব্বিরা চেষ্টা করেও সফল হননি।’ গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম বলেন, ‘ওই জুয়ার আসরটি বন্ধ করার চেষ্টা করেও সফল হতে পারিনি।’খোঁজ নিয়ে জানা গেছে, নিভিয়াঘাটা গ্রামের নজরুল ইসলাম আয়োজকদের প্রধান। সঙ্গে আছেন তাঁর আত্মীয় পল্টু মিয়া ও লিটন মিয়া। নজরুল তাঁর বাড়ির পেছনের জঙ্গল পরিষ্কার করে জুয়ার আসর চালানোর জন্যে বেশ কয়েকটি মাটির ভিটা বানিয়েছেন। বৃষ্টিতে যাতে খেলায় বিঘ্ন না ঘটে, সে জন্য ভিটাগুলোতে বাঁশ পুঁতে পলিথিন দিয়ে তাঁবুর মতো স্থাপনা বানানো হয়েছে। খেলা শেষে পলিথিন গুটিয়ে ফেলা হয়। এখানে আসা একেকজন জুয়াড়ির কাছ থেকে আয়োজকেরা ১০০ থেকে ২০০ টাকা ‘ভিটা-ভাড়া’ আদায় করেন। এতে তাঁদের প্রতিদিন পাঁচ থেকে ১০ হাজার টাকা আয় হয়। ভাগবাটোয়ারা শেষে তাঁদের ভাগে দৈনিক দুই থেকে চার হাজার টাকার মতো থাকে। নজরুলকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, তাঁর স্বামী রোগী নিয়ে ঈশ্বরগঞ্জ গেছেন। বাড়ির পেছনের জঙ্গলে গেলে নজরুলসহ অন্যরা এ প্রতিনিধিকে দেখে দৌড়ে পালিয়ে যান। নিভিয়াঘাটা গ্রামের দুলাল মিয়া বলেন, ‘জুয়ার আয়োজকদের প্রলোভনে পড়ে ২০ কাঠা জমি বেচছি। ওই টাকা জুয়ায় হেরে এখন আমি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি।’ গাংগাইল ইউপির চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, ‘শুধু নিভিয়াঘাটা নয়, আমার ইউনিয়নের মদনপুর, অরণ্যপাশা এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া খেলা হচ্ছে। এসব জুয়ার আসর বন্ধে কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোন সাড়া পাইনি।’ নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম বলেন, জুয়ার আসরটি এমন এক জায়গায় বসে, যেখানে নান্দাইল থানার পুলিশ অভিযান চালালে জুয়াড়িরা পার্শ্ববর্তী থানায় চলে যায়। নান্দাইলের নাট্যকর্মী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার বলেন, ‘মাদকের মতো জুয়ার নেশা যুবসমাজকে ধ্বংস করে দিল।’