জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে যৌথ টহল বিএসএফ-বিজিবির
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মেঘালয় ও আসাম রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় যৌথ তৎপরতা শুরু করেছে। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গিদের সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে গত সোমবার থেকে ‘ওপ্স অ্যালার্ট’ নামে দুই সপ্তাহের এ যৌথ টহল শুরু হয়েছে।বিএসএফের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন, ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে বিএসএফের দুই সপ্তাহব্যাপী টহলে বিজিবি যোগ দিয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী জঙ্গিদের যেকোনো ধরনের অপতৎপরতা দমনে সীমান্তে সর্বোচ্চ জনবল মোতায়েন করেছে। বাংলাদেশ সীমান্ত এলাকায় গত সোমবার থেকে শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টার নিরবচ্ছিন্ন টহল থাকবে। মেঘালয়ে কাঁটাতারের বেড়াহীন কয়েকটি এলাকাকে উত্তর-পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) ও মণিপুরভিত্তিক জঙ্গিদের অনুপ্রবেশের নিরাপদ রাস্তা বলে বিবেচনা করা হয়। ভারতে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস সামনে রেখে জঙ্গিদের সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ ও বিজিবির যৌথ তৎপরতা শুরু হয়েছে। দুই দেশের কর্তৃপক্ষ সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনায় গত বছর স্বাক্ষর করে। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় জঙ্গিদের বাংলাদেশের মাটিতে আশ্রয় দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বস্ত করেছেন। শীর্ষ একজন জঙ্গি নেতাকে মেঘালয় সীমান্ত থেকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়। তাঁকে কয়েক ঘণ্টা আগেই ভারতে পুশব্যাক করেছিল বিজিবি। মেঘালয়ের নিষিদ্ধ সংগঠন এইচএনএলসি ১৪ আগস্ট ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে। পিটিআ।