জঙ্গি অভিযান শেষ হলে গ্যাস-সংযোগ সচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি অভিযান শেষ হলে এর আশপাশের এলাকায় গ্যাস–সংযোগ সচল হবে। 

আজ সোমবার বিকেলে জালালাবাদ গ্যাসের দক্ষিণ অঞ্চলের ব্যবস্থাপক রুস্তম আলী চৌধুরী প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

রুস্তম আলী বলেন, গ্যাসের আবাসিক সংযোগ ওপরের নির্দেশে বন্ধ রাখা হয়েছে। অভিযান শেষ হলে একদফা পর্যবেক্ষণ শেষে সংযোগ সচল করা হবে।

আতিয়া মহলে জঙ্গি আস্তানা সন্দেহে গত বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু হয়। পুরো এলাকায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরদিন সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকার পর রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয় গ্যাস–সংযোগ।

জালালাবাদ গ্যাস ভবনের সরবরাহ দপ্তর জানায়, আতিয়া মহল আশপাশের ছয়টি এলাকায় জালালাবাদ গ্যাসের আবাসিক সংযোগ রয়েছে আড়াই হাজারের মতো। এসব আবাসিক সংযোগ গত শুক্রবার মধ্যরাত থেকে বন্ধ রাখা হয়।

আজ সোমবার দুপুরে জৈনপুর এলাকায় বাড়ির সামনে কয়লা দিয়ে টিনের চুলায় রান্না করছিলেন গৃহিণী রুনা বেগম। জানতে চাইলে তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার অনেকেই গ্যাসের চুলা ব্যবহারে অভ্যস্ত। তাই ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এ অবস্থায় গ্যাস কর্তৃপক্ষ বা অন্য কোনোভাবে জ্বালানি কেনার সুযোগ দিলে ভালো হতো। রুনা বলেন, ‘এ কষ্ট তো খাওয়াদাওয়ার। কিন্তু আসল কষ্ট অইল ওই বাড়িটা (আতিয়া মহল)। বাড়িটা জঙ্গিমুক্ত না হলে আমরা বিপদমুক্ত না।’