বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান বা ব্যক্তি জঙ্গিদের অর্থায়ন করছে, তাদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক সাংবাদিকদের এ কথা জানান। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতি অভিযোগ করে বলেন, জঙ্গিবাদসহ যেকোনো ধরনের হামলা, হত্যাকাণ্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়ে থাকে।প্রতিমন্ত্রী জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, শাহ এস এম কিবরিয়া হত্যাকাণ্ডসহ জোট সরকারের আমলে যতগুলো হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছিল। বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডে মদদ দিচ্ছে না বলে তিনি দাবি করেন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নামে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, সরকার এ ব্যাপারে কাউকে ছাড় দেবে না ।বৈঠক বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে মসজিদে ইমামদের দিয়ে বয়ান করানো হচ্ছে। জেলা- উপজেলায় এ বিষয়ে সচেতনতা বাড়ানো হয়েছে। এ ছাড়া পাঠ্যপুস্তকেও জঙ্গিবাদের কুফলের বিষয়টি তুলে ধরার চিন্তাভাবনা করা হচ্ছে।