জঙ্গি অর্থায়নের অভিযোগে তিন আইনজীবী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিলা ফারজানা,মো. হাসানুজ্জামান, মাহফুজ চৌধুরী
শাকিলা ফারজানা,মো. হাসানুজ্জামান, মাহফুজ চৌধুরী

শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে গ্রেপ্তার করেছে র্যাব। ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের চট্টগ্রামভিত্তিক একটি জঙ্গি সংগঠনকে তাঁরা ১ কোটি ৮ লাখ টাকা সহায়তা করেছেন বলে দাবি করছে র্যাব। চার মাস আগে প্রথম এই জঙ্গি সংগঠনের অস্তিত্বের কথা জানা যায়। এরপর এখন পর্যন্ত সংগঠনটির প্রধান কে এবং কতজন সদস্য রয়েছেন, তা জানা যায়নি।
আইনজীবী শাকিলা ফারজানা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক। তাঁর বাবা সৈয়দ ওয়াহিদুল আলম চট্টগ্রামের হাটহাজারীর সাবেক সাংসদ এবং বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক। গ্রেপ্তার অপর দুজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাসানুজ্জামান ও ঢাকা জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী।
শাকিলা ফারজানার স্বামী ব্যবসায়ী মো. বাহাদুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে ধানমন্ডির চেম্বার থেকে দুই কনিষ্ঠ সহকর্মীসহ ফারজানাকে গ্রেপ্তার করে র্যাব। জঙ্গিদের সঙ্গে তাঁর স্ত্রীর ও পরিবারের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
ফারজানার চাচা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক নেতা সৈয়দ নেছার উদ্দিন বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁর ভাতিজিকে মিথ্যা ঘটনায় জড়ানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নাশকতার মামলায় অভিযুক্ত বিএনপির অনেক নেতা-কর্মীর জামিন করিয়েছেন ফারজানা। এ কারণে জঙ্গিদের অর্থের জোগানদাতা অপবাদ দিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে।
গত মঙ্গলবার রাতে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর তিন আইনজীবীকে গতকাল চট্টগ্রামে নেওয়া হয়। দুপুরে নগরের পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে তিন আইনজীবীর গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করা হলেও তাঁদের গণমাধ্যমকর্মীদের সামনে আনা হয়নি। পরে চট্টগ্রামের বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেনের আদালতে তাঁদের হাজির করা হয়। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, গত ফেব্রুয়ারি মাসে বাঁশখালী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন আইনজীবীকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন আইনজীবীর প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রের সন্ধান পায় র্যাব। ওই সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে বাঁশখালী থানায় দুটি মামলা করে র্যাব।
পতেঙ্গায় সংবাদ সম্মেলনে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, মো. মনিরুজ্জামানসহ কয়েকজন জঙ্গির স্বীকারোক্তিতে অর্থের জোগানদাতা হিসেবে তিন আইনজীবীর নাম এসেছে। আদালতের নির্দেশনা ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বিভিন্ন ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ‘শহীদ হামজা ব্রিগেড’-এর জন্য সংগৃহীত ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার মধ্যে তিন আইনজীবী ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন। এ ছাড়া অর্থের জোগানদাতা হিসেবে দুবাইয়ের নাগরিক আল্লামা লিবদির নাম জানা গেছে।
র্যাবের দাবি, ব্যারিস্টার শাকিলা দুই দফায় ২৫ লাখ ও ২৭ লাখ করে ৫২ লাখ টাকা, আইনজীবী মো. হাছানুজ্জামান ৩১ লাখ এবং মাহফুজ চৌধুরী ২৫ লাখ টাকা দিয়েছেন জঙ্গিদের।
শাকিলা ফারজানার হিসাবে টাকাগুলো কোথা থেকে এসেছে এবং কে জমা দিয়েছেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘শাকিলা নগদে তাঁর ব্যাংক হিসাবে টাকাগুলো জমা দিয়েছেন। রিমান্ডে বিস্তারিত জানা যাবে, কোথা থেকে টাকাগুলো এসেছে।’ তিনি বলেন, অপর দুই আইনজীবীর ব্যাংক হিসাবের টাকাগুলো শাকিলা ফারজানা পাঠিয়েছেন।
র্যাবের অধিনায়ক বলেন, শহীদ হামজা ব্রিগেডের কার্যক্রম সম্পর্কে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সম্পর্কে বিস্তারিত জানানো যাচ্ছে না। কিছু তথ্য পেলেও তদন্তের স্বার্থে গণমাধ্যমে প্রকাশ করা যাচ্ছে না।
লে. কর্নেল মিফতাহ উদ্দিন বলেন, এসব টাকা দিয়ে জঙ্গিরা হাটহাজারী, বাঁশখালী ও হালিশহরে বিপুল অস্ত্রের মজুত করে। জঙ্গি সংগঠনটির উদ্দেশ্যে ছিল দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা।
তিন আইনজীবী জঙ্গি অর্থায়নে জড়িত—র্যাবের এমন দাবির বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শাকিলা ফারজানা বিএনপির নেতা-কর্মীদের আইনি সহায়তা দিয়ে থাকেন। সামনে বার কাউন্সিলের নির্বাচন রয়েছে। এসব বিষয় সামনে রেখে রাজনৈতিকভাবে হয়রানি করতে জঙ্গিদের অর্থের জোগানদাতা দাবি করেছে র্যাব। এটি বিশ্বাসযোগ্য নয়। এসব করে সরকার সবাইকে দমিয়ে রাখতে চায়।
শাকিলা ফারজানাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। গতকাল এক বিবৃতিতে তাঁরা বলেছেন, রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই শাকিলা ফারজানাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীসহ কমিটির নেতারা শাকিলা ফারজানাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।