জঙ্গি আন্দোলন মূলত ইহুদিবাদী ষড়যন্ত্রেরই ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামের নামে চলমান সব জঙ্গি আন্দোলন মূলত ইহুদিবাদী ষড়যন্ত্রেরই ফসল। তাই ইসলাম এবং দেশের স্বার্থেই এদের মূলোৎপাটন আজ সময়ের দাবি। গতকাল বুধবার বিকেলে নগরের জামালখান প্রেসক্লাব ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের কয়েকজন নেতা এসব মন্তব্য করেছেন। ঢাকা অবরোধের নামে কোরআন শরিফ পোড়ানোসহ হেফাজতে ইসলামের তাণ্ডবের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির আহ্বায়ক এম এ মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পেয়ার মোহাম্মদ, স উ ম আবদুস সামাদ, মাহবুবুল আলম, ছাদেক হোসেন, রেজাউল করিম তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ হাবিবুল্লাহ, গোলামুর রহমান আশরফ শাহ, মুহাম্মদ জাকের হোসাইন প্রমুখ। বক্তারা হেফাজতে ইসলামের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সিনেমা-নাটক-থিয়েটারে যারা দাড়ি-টুপি-পাগড়ি-আলখেল্লার অবমাননা করে যাচ্ছে, আজ তাদের হাতে নতুন নতুন উপাদান তুলে দিয়েছে হেফাজতে ইসলাম। ইহুদিচক্র সারা বিশ্বে ইসলাম ও মুসলমানদের সন্ত্রাসী হিসেবে প্রচার চালাচ্ছে। আর হেফাজতে ইসলামের কর্মকাণ্ডের কারণে তা আরও বেগবান হবে বলে তাঁরা আশঙ্কা ব্যক্ত করেন। তাঁরা কওমি মাদ্রাসাগুলোর প্রদর্শিত-অপ্রদর্শিত আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।