জঙ্গি আরিফের বাড়ি বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া (ইসলামপুর) গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দুই বিচারকের স্বজনেরা। এদিকে আরিফের দাফন সম্পন্ন হয়েছে।

ঝালকাঠিতে ২০০৫ সালের ১৪ নভেম্বর জেলা জজ আদালতে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় জেএমবির জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই নিহত হন জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে।

বিচারক জগন্নাথ পাঁড়ের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামে। গত রোববার রাতে জানতে চাইলে জগন্নাথ পাঁড়ের বড় ভাই বিশ্বনাথ পাঁড়ে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে আর ফিরে পাব না। কিন্তু জঙ্গির ফাঁসি কার্যকর হওয়ায় আমরা সন্তুষ্ট হয়েছি।’

 পারিবারিক সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র জগন্নাথ পাঁড়ে খুব কষ্ট করে পড়াশোনা করেন। পরে বিচারক হিসেবে চাকরিতে যোগ দেন। তিনি ছিলেন পরিবারের উপার্জনের একমাত্র ভরসা।

বিচারক সোহেল আহম্মেদের বাড়ি ভোলা শহরের কালীবাড়ি এলাকায়। তাঁর বাবা মনসুর আহম্মেদ বলেন, ‘আমি ও আমার পরিবারের সবাই এই রায় কার্যকরের খবরে খুশি হয়েছি। আমরা ন্যায়বিচার পেয়েছি। এটাই বড় সান্ত্বনা।’ তিনি বলেন, ‘আমার ছেলের শোক এখনো বয়ে বেড়াতে হচ্ছে। এটা যে কত বড় বেদনার তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবেন না।’

জঙ্গি আরিফের বাড়ি বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া (ইসলামপুর) গ্রামে। বেশ কয়েক বছর আগেই তাঁর বাবা ও মা মারা যান। সাত বোনের একমাত্র ভাই আরিফ ১০-১২ বছর আগে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার উত্তর উদয়পুর উত্তর কান্দী গ্রামে বিয়ে করেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ শ্বশুরবাড়িতেই দাফন করা হয়েছে।

আরিফের চাচাতো ভাইয়ের ছেলে মো. জামাল বলেন, রোববার রাতে খুলনা জেলা কারাগারে আরিফের ফাঁসি কার্যকরের পর লাশ তাঁর শ্বশুরবাড়ি উদয়পুর উত্তর কান্দী গ্রামে আনা হয়। দিবাগত রাত দেড়টার দিকে উদয়পুর উত্তর কান্দী কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে ছয় জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হয়।