জঙ্গি আসামি ছিনতাইয়ে ব্যবহূত মাইক্রোবাস উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আজ রোববার রাতে একটি মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, এই মাক্রোবাস ব্যবহার করেই জঙ্গিরা প্রিজনভ্যান থেকে তিন জঙ্গি আসামিকে ছিনিয়ে নেয়। মাইক্রোবাসটি ক্যাম্পাসের মহিলা হল দোঁলন চাপার ফটকের সামনে পরিত্যক্ত অবস্থায় ছিল। 

বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর রেজওয়ান আহমেদ প্রথম আলোকে, দোঁলন চাপার হলের সামনে মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখে নিরাপত্তাকর্মীরা রাতে তাঁদের খবর দেন। বিশ্বদ্যািলয়ের এ অংশে নির্মাণ কাজ চলছে। এছাড়াও ভর্তির কাজ চলছিল, ফলে  সেখানে আজ অনেক গাড়ী এসেছিল। সারা দিন মাইক্রোবাসটি এখানেই পড়ে ছিল।

 প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকজন এসে দেখেন মাইক্রোবাসের ভেতরে ‘পিকনিক-২০১৪’ লেখা কাপড়, হাতকড়া ও ডান্ডাবেড়ি পড়ে আছে। এগুলো দেখার পরই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রকে জানানো হয়। পরে পুলিশ এসে মাইক্রোবাসটি উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘সকালে সাদা মাইক্রোবাসে করে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় জঙ্গি মামলার আসামির প্রিজনভ্যান লক্ষ্য করে গুলিবর্ষণ করে তিন আসামিকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। ত্রিশালের সাইনবোর্ড এলাকা থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোঁলন চাপার হলের দুরত্ব ১০ কিলোমিটারের মধ্যে। তারা ছিনিয়ে নেওয়ার পর মাইক্রোবাসটি এখানে রেখে পালিয়ে যায়।’

এর আগে সকাল ১০ টার দিকে ময়মনসিংহের ত্রিশালে প্রকাশ্যে প্রিজনভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে জঙ্গি মামলার তিন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় গুলিতে এক পুলিশ সদস্য নিহত হন। এক উপপরিদর্শকসহ (এসআই) আহত হন প্রিজনভ্যানে থাকা পুলিশের তিনজন সদস্য। পরে পালিয়ে যাওয়া আসামিদের মধ্য থেকে একজনকে আবার গ্রেপ্তার করে পুলিশ।