জঙ্গি আসামিদের হাজির করা নিয়ে পুলিশের শঙ্কা
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুলিশ। উচ্চ আদালতের এক আদেশের পর এসব জঙ্গি আসামিকে এখন ডান্ডাবেড়ি ও হাতকড়া ছাড়াই আদালতে আনা হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, দুর্ধর্ষ প্রকৃতির এসব আসামিকে এভাবে কারাগার থেকে আনা-নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। প্রসিকিউশন বিভাগ থেকে এই ঝুঁকির বিষয়টি লিখিতভাবে প্রধান কৌঁসুলিকেও জানানো হয়েছে।
জানতে চাইলে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের পক্ষ থেকে ডান্ডাবেড়ি ও হাতকড়া ছাড়া আসামি আনার বিষয়টি জানানো হয়েছে। আবেদনটি ঈদের পর আদালতে উপস্থাপন করা হবে।
সৈয়দ রেজাউর রহমান জানান, আসামিদের ডান্ডাবেড়ি, হাতকড়া কিংবা কোমরে রশি বেঁধে আদালতে হাজির না করার ব্যাপারে চলতি বছরের ১৩ মার্চ হাইকোর্ট একটি নির্দেশনা দেন। উচ্চ আদালতের ওই আদেশে বলা হয়েছে, ডান্ডাবেড়ি বা হাতকড়া ব্যবহারের প্রয়োজন হলে আগে থেকে আদালতের অনুমতি নিতে হবে।
পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ১৯ জন জঙ্গি আসামি রয়েছে। হাইকোর্টের নির্দেশনার চিঠি পাওয়ার পর এসব আসামিকে ডান্ডাবেড়ি ও হাতকড়া ছাড়া আদালতে হাজির করা হচ্ছে। তিনি বলেন, মামলার দিন এসব আসামিকে গাজীপুর কারাগার থেকে আনা-নেওয়া করা হয়। এর আগে একবার শীর্ষ জঙ্গি মুফতি হান্নান আদালত থেকে যাওয়ার পথে পালানোর চেষ্টা করেছিলেন। এমনিতেই আসামিরা আদালতে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসার চেষ্টা করেন। এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। অতিরিক্ত উপকমিশনার আমিনুর রহমান এ বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন দেন। তাতে বলা হয়, এভাবে আসামি আনা-নেওয়া করলে যেকোনো সময় অঘটন ঘটতে পারে।
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিবুল্লাহ প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের আদেশে আসামিদের আদালতে হাজির করার ব্যাপারে বলা হয়েছে। তবে আদালতের বাইরে আনা-নেওয়ার বিষয়ে কোনো কিছু বলা হয়নি।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারকাজ চলছে। এতে ৪৯ জন আসামি আছেন। এ তালিকার মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহসহ ২৩ জন কারাগারে আটক আছেন। আটজন জামিনে। আর তারেক রহমানসহ ১৮ জন পলাতক আছেন।