জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি আস্তানা সন্দেহে ঢাকার সাভারের মধ্য গেন্ডার নির্মাণাধীন বাড়িটিতে অভিযান চালিয়ে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট এবং গানপাউডারসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ঘিরে রাখা বাড়িটিতে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা জেলা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) যৌথ অভিযান চালায়।

পুলিশ বলেছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির অন্তত ছয়জন সদস্য নাশকতার উদ্দেশ্যে বাড়িটিতে আস্তানা গেড়েছিলেন। কসমেটিকস ব্যবসার আড়ালে তাঁরা জঙ্গি কর্মকাণ্ড চালাতেন। অভিযান শুরুর আগেই তাঁরা পালিয়েছেন।

এর আগে শুক্রবার বিকেলে নামা গেন্ডার এক বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িতে স্ত্রী-সন্তানসহ দুই জঙ্গি থাকতেন বলে পুলিশ দাবি করেছে। পুলিশের ভাষ্য, তাঁদের একজন সাভারের রাজফুলবাড়িয়ার মনির হোসেন। মনির তাঁর স্ত্রী-সন্তান রেখে এবং অপর জঙ্গি স্ত্রী-সন্তানসহ পালিয়েছেন। মনিরের স্ত্রী-সন্তানকে বাড়ির মালিকের হেফাজতে রাখা হয়েছে। ওই অভিযানে কিছু পাওয়া যায়নি।

গতকাল অভিযান শেষে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান সাংবাদিকদের বলেন, নামা গেন্ডার বাড়িতে অভিযান শেষে মধ্য গেন্ডার এক ভাড়াটে পুলিশকে জানান, নামা গেন্ডার ওই বাড়ির লোকজনের সঙ্গে মধ্য গেন্ডার এই বাড়ির (যে বাড়িতে গতকাল অভিযান চালানো হয়) লোকজনের যোগাযোগ আছে। এই বাড়িতেও জঙ্গি থাকতে পারে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে মধ্য গেন্ডার নির্মাণাধীন বাড়িটি ঘিরে রাখে পুলিশ। গতকাল সিটিটিসির সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলার আগেই জঙ্গিরা পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বেলা ৩টায় পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

সরেজমিনে দেখা গেছে, মধ্য গেন্ডার নির্মাণাধীন বাড়িটি ছয়তলা। সন্দেহভাজন জঙ্গিরা দ্বিতীয় তলার দুই কক্ষে থাকতেন। গতকাল বেলা ১১টার দিকে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল সেখানে আসে। দুপুর ১২টায় মূল অভিযান শুরু হয়। সোয়া ১২টার দিকে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে ওই এলাকা কেঁপে ওঠে। বেলা সোয়া ২টা পর্যন্ত মোট ১০ বার বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, বাসাটিতে হাতে তৈরি সাতটি গ্রেনেড ও তিনটি সুইসাইড ভেস্ট ছিল। এগুলো নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের শব্দ হয়েছে। বাসাটিতে একটি ল্যাপটপ, কয়েক হাজার ব্যাটারি, বেশ কিছু বিয়ারিংয়ের বল, সালফিউরিক অ্যাসিড ও গানপাউডার পাওয়া গেছে।

প্রতিবেশী এক নারী ভাড়াটে প্রথম আলোকে বলেন, ওই বাসায় একটি কক্ষে ১৮-১৯ বছর বয়সী পাঁচ-ছয়জন তরুণ থাকতেন। আরেক কক্ষে থাকতেন ২৮-৩০ বছরের এক যুবক ও দুই নারী। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওই বাসায় গিয়ে দুই নারীর সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা তেমন আগ্রহ দেখাননি। বাসায় থাকা কার্টনে কী আছে জানতে চাইলে দুই নারী বলেন, তাঁরা কাচের চুড়ির ব্যবসা করেন। তিনি চুড়ি দেখতে চাইলে তাঁরা বিরক্তি প্রকাশ করে তাঁকে চলে যেতে বলেন।

বাড়িটির মালিকদের একজন সাকিব আহমেদ বলেন, মোসলেম নামের এক ব্যক্তি চলতি মাসেই বাসাটি ভাড়া নেন। মোসলেম বলেছিলেন, তাঁর বাড়ি নোয়াখালীতে। ৮ মে মোসলেম স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে বাসায় ওঠেন। ব্যস্ততার কারণে তিনি মোসলেমের জাতীয় পরিচয়পত্র নিতে পারেননি। মোট কতজন থাকতেন তা জানেন না।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সাকিব আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় লোকজন বলেছেন, ওই বাসায় থাকা লোকজন ১০০ গজ দূরে ‘নাইস কসমেটিকস্’ নামের একটি কারখানা চালাতেন। গত ৩০ এপ্রিল কারখানাটি ছেড়ে দিয়েছেন। ওই কারখানায় গিয়ে দেখা গেছে, টিনশেডের ১৬ কক্ষের ছয়টি কক্ষে কারখানাটির কার্যক্রম চলত। পাঁচটি কক্ষ ভাড়া নিয়ে পাপোশ তৈরি করেন কবির হোসেন। কবির হোসেন প্রথম আলোকে বলেন, ওই কারখানায় দুই নারী, দুজন পুরুষ ও তিনজন তরুণ কাজ করতেন। কারখানার মালিকদের একজনের নাম কামাল। তাঁর বাড়ি সিলেট এলাকায়। কারখানার দুই নারীর একজন কামালের স্ত্রী, অন্যজন কামালের বোন।

কারখানায় প্রসাধনসামগ্রী ও কামাল হোসাইন সরদার নামে একজনের ভিজিটিং কার্ড দেখা গেছে। তাতে থাকা দুটি মুঠোফোন নম্বরের একটি ভুল, অন্যটি বন্ধ পাওয়া গেছে। সেখান থেকে ৩০০-৪০০ গজ দূরে নাইস কসমেটিসের নতুন কারখানা তালাবদ্ধ পাওয়া গেছে।