জঙ্গি আস্তানায় নিহত চারজনের দাফন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী শিবনগর গ্রামে জঙ্গি আস্তানায় নিহত চারজনের লাশ দাফন করা হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে শহরের ফকিরপাড়ায় বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য নির্ধারিত পৌরসভার গোরস্থানে পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁদের দাফন করা হয়েছে।
নিহত চারজনের মধ্যে আবু কালাম ওরফে আবু (৩০) ছাড়া অন্য তিনজনকে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
জঙ্গি আস্তানা সন্দেহে ত্রিমোহনী শিবনগর গ্রামের একটি বাড়ি গত বুধবার ভোরে ঘেরাও করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। দুই দিনের অভিযান শেষে চারজন নিহত হন বলে পুলিশ জানায়। গত বৃহস্পতিবার বাড়িটি থেকে আবুর স্ত্রী সুমাইয়াকে আহত ও তাঁর শিশুসন্তান সাদিকাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সুমাইয়াকে (২১) উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও সাদিকাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আয়েশা জুলেখা জানান, গত শুক্রবার রাতে পুলিশ হাসপাতাল থেকে তাঁদের হেফাজতে নেয় সাদিকাকে। সে শারীরিকভাবে সুস্থই ছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, আবুর পাঁচ বছরের মেয়ে সাদিকাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে পুলিশ গত শুক্রবার রাতে আদালতের মাধ্যমে রাজশাহী ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়েছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে গত শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেছে। মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিহত আবু ও অজ্ঞাত তিনজন এবং আবুর স্ত্রীসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।