জঙ্গি উত্থানের জন্য একক গোষ্ঠী দায়ী না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কাসেম ফজলুল হক
আবুল কাসেম ফজলুল হক

জঙ্গিদের হামলায় নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, দেশে জঙ্গিবাদ উত্থানের জন্য কোনো একক গোষ্ঠীকে দায়ী করা যাবে না। তাঁর মতে, রাজনীতি, শিক্ষানীতি ও সামাজিক বৈষম্য এ উত্থানের জন্য দায়ী।

আজ সকালে গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাসেম ফজলুল হক এসব কথা বলেন।

আবুল কাসেম ফজলুল হক বলেন, পৃথিবীতে প্রতিটি ধর্মের আবির্ভাব হয়েছে মানুষের কল্যাণের জন্য। তাই ধর্মের প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত। তিনি বলেন, ইসলাম বা অন্য কোনো ধর্ম কখনো গুপ্তহত্যাকে সমর্থন করে না। এভাবে মানুষ হত্যা করে কোনো ধর্মের বিকাশ সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও তার দোসরদের সাম্রাজ্যবাদী স্বার্থই জঙ্গিবাদকে বারবার জাগিয়ে তুলতে চেয়েছে বলে তিনি মনে করেন।

এ সময় তিনি দেশের রাজনীতি নিয়েও কথা বলেন। তাঁর মতে, কোনো দেশের রাজনীতি উন্নত না হলে সে জাতি কখনোই সভ্য জাতি হিসেবে টিকে থাকতে পারে না।

তাঁর বক্তব্যে তিনি দেশের শিক্ষাব্যবস্থার সমালোচনা করেন। তিনি বলেন, পঞ্চম, অষ্টম, দশম, দ্বাদশসহ বিভিন্ন শ্রেণিতে পাবলিক পরীক্ষার প্রচলন শিক্ষার্থীদের পরীক্ষার্থীতে পরিণত করছে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য ভালো বই পড়ারও পরামর্শ দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি ও লেখক সাযযাদ কাদির। তিনি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাবোধ, শিক্ষকদের প্রতি সম্মান ও অগ্রজদের প্রতি অনুগত থাকার ওপর জোর দেন।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী সভাপতিত্ব করেন।