জঙ্গি উত্থানের দায় সরকার এড়াতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের নেতারা বলেছেন, দেশে জঙ্গি উত্থানের দায় সরকার কোনোভাবেই অস্বীকার করতে পারে না। গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্ঠু রাজনীতি বাধাগ্রস্ত হলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় নাগরিক ঐক্য আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ দেশব্যাপী জঙ্গিগোষ্ঠী উত্থানের প্রতিবাদে এবং নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে পুলিশ মাইক ব্যবহার করতে দেয়নি। যদিও একই স্থানে একই সময়ে আরও দুটি সংগঠনের মানববন্ধন হয়েছে। সেগুলোতে মাইক ব্যবহারে কোনো বাধা দেয়নি পুলিশ। ওই দুটি মানববন্ধনের একটিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অপরটিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রধান অতিথি ছিলেন।
নাগরিক ঐক্যের মানববন্ধনটি আধা ঘণ্টার মধ্যে শেষ করা হয়। এতে বক্তারা বলেন, জঙ্গি হামলা দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ অবস্থা থেকে দেশকে রক্ষার জন্য দল-মতনির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমান মান্নার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান।