জঙ্গি এরশাদের মামলার আবার তদন্ত চায় রাষ্ট্রপক্ষ

অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় থাকা জঙ্গি এরশাদ হোসেনের বিরুদ্ধে করা দুই বছর আগের মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গত বুধবার করা এই আবেদনটি শুনানির জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। দুই বছর আগে এরশাদের জবানবন্দিতে শীর্ষ তিন জঙ্গির নাম এবং জঙ্গি তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। কিন্তু চট্টগ্রামের পুলিশ তখন তা আমলে নেয়নি বলে সম্প্রতি অভিযোগ উঠেছে।
এ নিয়ে ২ জুলাই প্রথম আলোয়, ‘২ বছর আগে এক জঙ্গির জবানবন্দিতে যা ছিল!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। এরশাদ এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী এবং চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির সুরক্ষিত এলাকার দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাকারী রাইসুল ইসলাম খান ওরফে ফারদিনের নাম এরশাদের জবানবন্দিতে ছিল। এর মধ্যে রাজীব গান্ধীকে চলতি বছরের ১৩ জানুয়ারি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আর ফারদিন বগুড়ায় গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে গত বছরের ৩ এপ্রিল মারা যান বলে পুলিশ জানায়। এ ছাড়া চলতি বছরের ৭ মার্চ কুমিল্লায় পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারার সময় গ্রেপ্তার হওয়া জঙ্গি হাসানের নামও বলেছিলেন এরশাদ।
এরশাদের বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২০১৫ সালের মে মাসে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তখন অভিযোগপত্র গ্রহণও করেন আদালত। ২০১৫ সালের ২৩ মার্চ চট্টগ্রাম নগরের মীর আউলিয়া মাজার রোড এলাকার একটি ভাড়া ঘর থেকে বিস্ফোরকসহ এরশাদকে (২০) ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন। গ্রেপ্তারের ছয় দিনের মাথায় এরশাদ চট্টগ্রাম আদালতে দেওয়া ৯ পৃষ্ঠার দীর্ঘ জবানবন্দি দেন।
এরশাদের জবানবন্দির আট মাস পর ২০১৫ সালের ১৮ ডিসেম্বর ফারদিনের (পরে বগুড়ায় নিহত) পরিকল্পনায় নৌবাহিনীর মসজিদে জুমার নামাজের সময় জেএমবির জঙ্গিরা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে নৌবাহিনীর সদস্যসহ ২৪ জন মুসল্লি আহত হন। আর ২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য জঙ্গি হামলা হয়। এতে প্রাণ হারান দেশি-বিদেশি ২০ নাগরিক।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, রাজীব গান্ধী, হাসানসহ গ্রেপ্তার অন্য জঙ্গিদের এরশাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কিংবা গোয়েন্দা (ডিবি) পুলিশকে দিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পাঠাতে আদালতকে অনুরোধ করা হবে।