জঙ্গি ও অপরাধীদের সঙ্গে হাত মেলালে রেহাই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি ও অপরাধীদের সঙ্গে হাত মেলালে কঠোর শাস্তি পেতে হবে। যে পর্যায়ের ব্যক্তিই হোক, রেহাই দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঐতিহ্য অনুযায়ী পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ ছাড়া তিনি সাহসিকতা ও সেবার জন্য ১০৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে সম্মানসূচক পদকে ভূষিত করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ হচ্ছে শান্তিপ্রিয় সাধারণ জনগোষ্ঠীর প্রধান ভরসা। তাই প্রতিটি থানা ও ফাঁড়িকে জনগণের প্রকৃত আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে। সর্বোচ্চ সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি সহ্য করা হবে না।’
আইনশৃঙ্খলা রক্ষাব্যবস্থার উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আইনশৃঙ্খলা খাতে অর্থ বরাদ্দকে আমরা বিনিয়োগ হিসেবে বিবেচনা করি। পুলিশসহ প্রতিটি খাতে উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।’
প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ দমনে পুলিশের কাউন্টার টেররিজম ব্যুরো গঠন করা হবে বলে জানান। প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকাল জঙ্গি-সন্ত্রাসীরা অপরাধ সংঘটনে কম্পিউটারসহ উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। এসব অপরাধ দমনে প্রশিক্ষণ মডিউল ও কৌশল ঢেলে সাজানো হচ্ছে।’
গুম হওয়াদের খুঁজছে পুলিশ: প্রধানমন্ত্রীর ভাষণের পর রাজারবাগ পুলিশ লাইনসের টেলিকম মিলনায়তনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়। এখানে কর্মকর্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব দাবির প্রতি সমর্থন জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাকে যখন বলে মানুষ গুম হয়ে গিয়েছে, শত শত মানুষ নেই, আমি তখন একটি কথাই বলি, আমরা সেই মানুষটাকেই খুঁজছি। কারণ, আওয়ামী লীগ বা আমার নেত্রী গুম ও হত্যার রাজনীতি করেন না। আমরা সেই লোকটাকেই খুঁজছি, যেই লোকটা গুম হয়েছেন বলে বলা হচ্ছে। যেই লোকটা এলাকাছাড়া হয়েছেন। আমরা তাঁকে আইনের আওতায় আনার জন্য খুঁজছি।’
গত বছরের সহিংসতায় পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, তখন কী ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ। হেলমেট দিয়ে একজন পুলিশকে পেটানো হচ্ছে, রাইফেল দিয়ে হত্যার চেষ্টা করছে। পুলিশ চাইলে একটা কাণ্ড ঘটাতে পারতেন, কিন্তু তাঁরা ঘটাননি। এটাই পুলিশ।’