সন্ত্রাস, জঙ্গিবাদ, দারিদ্র্য ও মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করে শপথবাক্য পাঠ করেছেন হাজারো মানুষ। গতকাল মঙ্গলবার ফেনী মুক্ত দিবসের কর্মসূচিতে এই শপথ নেওয়া হয়।
বেলা ১১টায় শহরের কেন্দ্রস্থল জিরো পয়েন্টকে ঘিরে এক কিলোমিটার সড়কে ‘উড়াই বিজয় নিশান’ পতাকা শোভাযাত্রা করা হয়। শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্টের শহীদ মিনার (খেজুর চত্বর) থেকে উত্তরে মডেল থানা পর্যন্ত ২৮০ মিটার, দক্ষিণে প্রেসক্লাব পর্যন্ত ১৭৫ মিটার, পশ্চিমে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সমবায় মার্কেট পর্যন্ত ৩০৫ মিটার এবং পূর্ব দিকে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ পর্যন্ত ২৪০ মিটার এলাকায় বিশাল আকারের চারটি জাতীয় পতাকা হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ান মুক্তিযোদ্ধাসহ হাজারো মানুষ। এ সময় অনেকের হাতে ছিল ছোট ছোট পতাকা।
জেলা প্রশাসনের আয়োজনে এবং শহরের দুটি ব্যক্তিমালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় ১১টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ‘উড়াই বিজয় নিশান’ কর্মসূচি চলাকালে থমকে দাঁড়ায় ফেনী। শহরে টাউন সার্ভিস বাস বন্ধ ছিল। অন্য ছোট যানবাহনও তেমন চলেনি।
এ সময় শপথবাক্য পাঠ করান মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম।
পরে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাফর ইমাম বীর বিক্রম, বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সাংসদ শিরিন আকতার, ফেনীর সংরক্ষিত নারী সাংসদ জাহান আরা বেগম, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, পুলিশ সুপার মো. রেজাউল হক। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব সফিকুল বাহার মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান।
এ ছাড়া প্রথম আলো ফেনী বন্ধুসভার আয়োজনে সকালে শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আলোচনা সভা ও ট্রাংক রোডে আনন্দ শোভাযাত্রা করা হয়।
নোয়াখালী মুক্ত দিবস আজ: আমাদের নোয়াখালী অফিস জানায়, আজ ৭ ডিসেম্বর নোয়াখালী মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাত থেকে মুক্ত হয়েছিল নোয়াখালী। দিবসটি উপলক্ষে আজ বিকেলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পিটিআই সন্মুখস্থ ‘মুক্ত নোয়াখালী স্কয়ারে’ মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।